কামরাঙ্গীরচরে আওয়ামী লীগ নেতার স্ত্রীর লাশ উদ্ধার

 
রাজধানীর কামরাঙ্গীরচরে এক আওয়ামী লীগ নেতার স্ত্রীর লাশ উদ্ধার করেছে পুলিশ। শনিবার রাত ১টার দিকে কামরাঙ্গীরচরের চাঁদ মসজিদ এলাকার বিদ্যুৎ অফিস গলির দোতালা বাড়ি থেকে মাকসুদা বেগমের (৪৫) লাশ উদ্ধার করে স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ মর্গে প্রেরণ করা হয়। এ ঘটনায় মৃতের ভাই আব্দুস সাত্তার বাদী হয়ে কামরাঙ্গীরচর থানায় একটি অপমৃত্যুর মামলা দায়ের করেছে।
 
অভিযুক্ত আওয়ামী লীগ নেতা ফেরদৌস মোল্লা পলাতক রয়েছেন। তিনি কামরাঙ্গীরচর থানা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ছিলেন। মাদক ব্যবসা ও শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে তাকে এই পদ থেকে বহিষ্কার করা হয়।
 
কামরাঙ্গীরচর থানার ওসি শাহিন ফকির জানান, পরিবারের কাছ থেকে খবর পেয়ে রাত ১টার দিকে ফেরদৌস মোল্লার বাড়ির দোতালার বেডরুমের মেঝে থেকে মাকসুদার লাশ উদ্ধার করা হয়। পরিবার পুলিশের কাছে জানিয়েছে, মাকসুদা সিলিং ফ্যানের সঙ্গে দড়ি ঝুলিয়ে আত্মহত্যা করেছে। তাকে উদ্ধার করার জন্যই পরিবারের সদস্যরা দড়ি কেটে মেঝেতে নামিয়ে আনে।
 
মাকসুদার পরিবারের পক্ষ থেকে অভিযোগ করা হয়েছে, মাদক ব্যবসার জের ধরে প্রায়ই ফেরদৌস মোল্লা তার স্ত্রীকে মারধর করে। ফেরদৌস মোল্লা নিজেও মাদকাসক্ত। তাদের দুই ছেলে ও দুই মেয়ে রয়েছে। বিষয়টি হত্যা নাকি আত্মহত্যা অথবা আত্মহত্যায় কোন প্ররোচনা রয়েছে কিনা, তা ময়না তদন্তের রিপোর্ট ও মামলার তদন্ত শেষে নিশ্চিত হওয়া যাবে বলে জানান তিনি।
 
ইত্তেফাক/রাফাত