আড়াইহাজারে সালিশ বৈঠকে যুবককে পিটিয়ে হত্যা

 
নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলায় একটি সালিশ বৈঠকে আবদুল বাতেন (৩৫) নামের যুবককে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে প্রতিপক্ষের বিরুদ্ধে। আজ বেলা ১২টায় এ ঘটনা ঘটে।
 
নিহত আবদুল বাতেন উপজেলার ব্রাহ্মন্দী ইউনিয়নের সুলপান্দি গ্রামের দেওয়ান আলীর ছেলে বলে জানা গেছে।
 
প্রত্যক্ষদর্শী ও স্থানীয়দের বরাত দিয়ে আড়াইহাজার থানার ওসি সাখাওয়াত হোসেন জানান, আবদুল বাতেনের সঙ্গে প্রতিবেশী মিছির আলীর মধ্যে জমি সংক্রান্ত বিরোধ ছিল। রবিবার দুপুরের দিকে সালিশ বৈঠকের সময়ে হঠাৎ করে তর্ক-বিতর্কের জের ধরে মিছির আলীর পক্ষে শাহজাহান, আইউবুর, মহিবুর, ইউনুসসহ আরো কয়েকজন মিলে বাতেনকে লাঠিসোটা নিয়ে পিটুনি দেন। তাকে আহত অবস্থায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়ার পর মারা যান।
 
ওসি আরো জানান, পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ১০০ শয্যা বিশিষ্ট নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতাল মর্গে পাঠিয়েছে। 
 
আবাসিক মেডিকেল অফিসার ডা. হাবিব ইসমাইল ভুইয়া জানান, হাসপাতালের আনার আগেই তিনি মারা গেছেন। শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন রয়েছে। 
 
ইত্তেফাক/কাউছার