নারীদের বিশ্বকাপ বাছাইয়ে বাংলাদেশকে ১৯৮ রান টার্গেট দিয়েছে শ্রীলঙ্কা। রবিবার টস জিতে প্রতিপক্ষকে ব্যাটিংয়ের আমন্ত্রণ জানান বাংলাদেশের অধিনায়ক রুমানা আহমেদ।
টসে হেরে ব্যাটিংয়ে নেমে চামারি আতাপাত্তুর ৮৪ রানের উপর ভর করে লঙ্কানদের সংগ্রহ দাঁড়ায় ৯ উইকেটে ১৯৭।
এছাড়া দুই ওপেনার নিপুনি হান্সিকা ১৯ ও হাসিনি পেরেরার ব্যাট থেকে আসে ৩২। বাংলাদেশের হয়ে সর্বোচ্চ তিনটি উইকেট লাভ করেন সালমা খাতুন। একটি করে নেন সুরাইয়া আজমিন, পান্না ঘোষ, খাদিজাতুল কুবরা, রুমানা আহমেদ ও শায়লা শারমিন।
ভারতের কাছে ৯ উইকেটে হেরে বাংলাদেশ নারী দলের বিশ্বকাপ খেলার স্বপ্নে বড় এক ধাক্কাই লাগে। নেট রান রেটের হিসেবে বাছাইপর্বের সুপার সিক্সে নিজেদের শেষ ম্যাচে স্বাগতিক শ্রীলঙ্কার বিপক্ষে পেতে হবে দুর্দান্ত জয়।
ইত্তেফাক/মাহাদী