প্রথম প্রহরে ফুল দিতে পারবেন খালেদা জিয়া

আন্তর্জাতিক মাতৃভাষা ও শহীদ দিবসে ২১ শে ফেব্রুয়ারির প্রথম প্রহরেই কেন্দ্রীয় শহীদ মিনারে ফুল দিয়ে শ্রদ্ধা জানানোর অনুমতি পেলেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। রাষ্ট্রীয় কর্মসূচি শেষ হওয়ার পর শহীদ মিনারে ফুল দিয়ে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানাবেন তিনি।
 
রবিবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসি আ আ ম স আরেফিন সিদ্দিকের সঙ্গে বিএনপির কয়েকজন নেতার বৈঠকের পর এই অনুমতি মেলে। রবিবার দুপুরে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আমানউল্লাহ আমানের নেতৃত্বে একটি প্রতিনিধি দল ভিসির সঙ্গে সাক্ষাৎ করে অনুমতি চান। এ সময় একুশের প্রথম প্রহরে বিএনপি চেয়ারপারসনকে ৬০ জন নেতা নিয়ে ফুল দেয়ার অনুমতি দেয় ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। নিয়ম অনুযায়ী, ২১ ফেব্রুয়ারির প্রথম প্রহরে সবার আগে শ্রদ্ধা নিবেদন করেন রাষ্ট্রপতি। এরপর প্রধানমন্ত্রী, স্পিকার, বিরোধীদলীয় নেত্রী ও মন্ত্রিপরিষদের সদস্যরা। এরপর কূটনীতিকেরা শহীদ মিনারে শ্রদ্ধা নিবেদন করেন। বর্তমানে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া বিরোধীদলীয় নেত্রী পদে নেই। তাই রাষ্ট্রীয় প্রটোকলে না থাকায় খালেদা জিয়াকে এই অনুমতি নিতে হয়েছে।
 
ইত্তেফাক/মণ্ডল