চৈত্রের প্রায় শেষ সময় চলছে। আর এই সময়েই শুরু হলো এক বই উত্সব। দশ প্রকাশনীর সম্মিলিত আয়োজনে শুরু হলো ঋতুভিত্তিক বইয়ের আয়োজন ‘চৈত্রে বই উত্সব ২০১৯’। শাহবাগের জাতীয় জাদুঘরের উন্মুক্ত প্রাঙ্গণে আয়োজিত এ উত্সব চলবে ১১ এপ্রিল পর্যন্ত। উত্সবে অংশগ্রহণকারী প্রকাশনা প্রতিষ্ঠানসমূহ হচ্ছে— অ্যাডর্ন পাবলিকেশন, ইউনিভার্সিটি প্রেস লিমিটেড, ইকরিমিকরি, উত্স প্রকাশন, কথাপ্রকাশ, কাকলী প্রকাশনী, প্রথমা প্রকাশন, বেঙ্গল পাবলিকেশন্স, সন্দেশ ও মাওলা ব্রাদার্স।
গতকাল বিকালে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে উত্সব উদ্বোধন করেন জাতীয় জাদুঘরের ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান শিল্পী হাশেম খান। বিশেষ অতিথি ছিলেন জাতীয় জাদুঘরের মহাপরিচালক মো. রিয়াজ আহম্মদ ও কবি মুহম্মদ নূরুল হুদা। অতিথি হিসেবে আরো উপস্থিত ছিলেন লেখক প্রাবন্ধিক সৈয়দ আবুল মকসুদ, কথাসাহিত্যিক আনিসুল হক, গীতিকার শহীদুল্লাহ ফরায়জীসহ নবীন-প্রবীণ লেখকবৃন্দ। উপস্থিত ছিলেন উত্সব সমন্বয়ক অ্যাডর্ন পাবলিকেশনের প্রকাশক ও প্রধান নির্বাহী সৈয়দ জাকির হোসাইন।
চৈত্রে বই উত্সবে গল্প, কবিতা, নাটক, উপন্যাস ছাড়াও রয়েছে- প্রবন্ধ, গবেষণা, ভ্রমণ, অর্থনীতি, রাজনীতি, দর্শন, ধর্ম, ইতিহাস, মুক্তিযুদ্ধ, বিজ্ঞান, অভিধান, সায়েন্স ফিকশন, স্মৃতিকথাসহ বাংলা-ইংরেজি ভাষায় লেখা বিপুল বইয়ের সমাহার। শিশু-কিশোরদের জন্য বিশেষায়িত বই তো আছেই। বই উত্সবে পাঠকরা ২৫ শতাংশ হতে ৩৫ শতাংশ পর্যন্ত মূল্যছাড়ে বই কিনতে পারবেন। প্রতিদিন বেলা ১১টা থেকে রাত ৮টা পর্যন্ত (বৃহস্পতিবার বন্ধ) বইমেলাসহ থাকছে বইকেন্দ্রিক নানা আয়োজন।