কিশোরগঞ্জের নিকলী উপজেলার দামপাড়া-উত্তর নওয়ারহাটি গ্রামের আ. আজিজ জুলু হত্যা মামলায় একজনকে মৃত্যুদণ্ড ও আরেকজনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত।
কিশোরগঞ্জের প্রথম আদালতের অতিরিক্ত জেলা ও দায়রা জজ মোহাম্মদ আব্দুর রহমান রবিবার বিকাল ৩টায় আসামিদের উপস্থিতিতে এ রায় প্রদান করেন।
মৃতুদণ্ডাদেশপ্রাপ্ত চানফর ভূইয়া উত্তর দামপাড়া গ্রামের বাসিন্দা।যাবজ্জীবন কারাদণ্ডাদেশপ্রাপ্ত শাহীন ভুঁইয়া এই এলাকার বাসিন্দা।
মামলার চার্জশিটভুক্ত ১৩ আসামির মধ্যে বিচার চলাকালীন দুইজন মারা যান এবং সাক্ষ্য-প্রমাণের অভাবে ৯ জনকে বেকসুর খালাস দেয়া হয়।
মামলার বিবরণে জানা যায়, তুচ্ছ ঘটনার জেরে ২০০৮ সালের ১৯ এপ্রিল আ. আজিজ জুলু ও তার ভাতিজা জাহাঙ্গীর আলম বকুল দামপাড়া বাজার থেকে বাড়ি ফিরছিলেন। পথে আসামিরা তাদের ওপর হামলা চালায়। হামলায় আ. আজিজ জুলু ঘটনাস্থলেই মারা যান।
এ ব্যাপারে নিকলী থানায় মামলা দায়েরের পর পুলিশ তদন্তশেষে মোট ১৩ জনের বিরুদ্ধে আদালতে চার্জশিট দাখিল করে।
ইত্তেফাক/উজ্জল