দিনাজপুরের বিরলে সড়ক দুর্ঘটনায় সেতাবগঞ্জ পৌরসভার কাউন্সিলর আব্দুল মতিন ওরফে মতি (৫০) নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে আরো ৩ জন। আহতদের দিনাজপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
রবিবার দিবাগত রাত পৌনে ১১টায় দিনাজপুর-সেতাবগঞ্জ সড়কের বিরল উপজেলার মঙ্গলপুর শিমুলতলী নামক স্থানে মাইক্রোবাস ও ট্রাক্টরের মুখোমুখী সংঘর্ষে এই দুর্ঘটনা ঘটে।
বিরল থানার অফিসার্স ইনচার্জ (ওসি) আব্দুল মজিদ জানান, পৌর কাউন্সিলর আব্দুল মতিনসহ বেশ কয়েকজন ফরিদপুরের আটরশি মাজারে ওরশে যোগ দেয়ার জন্য রবিবার দিবাগত রাতে সেতাবগঞ্জ থেকে রওয়ানা হয়।
মাইক্রোবাসটি রাত পৌনে ১১টায় বিরল উপজেলার মঙ্গলপুর শিমুলতলী নামক স্থানে পৌঁছুলে একটি ট্রাক্টরের সঙ্গে ধাক্কা লাগে। এতে ঘটনাস্থলে পৌর কাউন্সিলর আব্দুল মতিন নিহত হয়।
নিহত আব্দুল মতিন ওরফে মতি সেতাবগঞ্জ পৌরসভার ৩নং ওয়ার্ডের কাউন্সিলর।
ইত্তেফাক/নূহু