দারিদ্র্য, ক্ষুধা, অভাব-অনটনে মানুষ হয়ে পড়ে যুক্তিহীন। যেকোনো সিদ্ধান্তে সে পৌঁছাতে পারে যেকোনো মুহূর্তে। কিন্তু প্রশ্ন হলো মানুষের জীবনে এই সঙ্কটের সৃষ্টি হয় কেন? তারই উত্তর খুঁজতে গিয়ে দেখা গেছে, মানবগোষ্ঠী দুটি শ্রেণিতে বিভক্ত। শোষক আর শোষিত। এই শোষিত মানুষরাই বেঁচে থাকার জন্য প্রতিনিয়ত লড়াই করছেন নানা প্রতিকূলতার বিরুদ্ধে।
এমন পটভূমিতে কিংবদন্তী নির্মাতা ঋত্বিক ঘটক রচনা করেছিলেন নাটক ‘জ্বালা’। নাটকটি রচিত হয় ১৯৫০ সালে। অর্ধশতাব্দি পর নাটকটি মঞ্চে আনে দৃষ্টিপাত নাট্যদল। আজ ‘একুশে নাট্যোৎসব’-এ বাংলা একাডেমির মুক্তমঞ্চে বিকেলে ৪টা ৩০ মিনিটে ঋত্বিক ঘটকের জ্বালা’র মঞ্চায়ন অনুষ্ঠিত হবে।
‘জ্বালা’ নাটকের মঞ্চ পরিকল্পনা ও নির্দেশনা দিয়েছেন অভিজিৎ সেনগুপ্ত। সুর ও আবহসঙ্গীতে রয়েছেন পরিমল মজুমদার, পোশাক ড. আইরীন পারভীন লোপা, আলো হেনড্রী সেন, কোরিওগ্রাফি সামিউন জাহান দোলা ও রূপসজ্জায় আছেন শুভাশীষ দত্ত তন্ময়।
নাটকটিতে অভিনয় করছেন সুমী ইসলাম, মারুফ ইসলাম, আব্দুল হালিম আজিজ, রাকিব হোসেন ইভন, অভিজিত্ সেনগুপ্ত ও সুনীল কুমার দে।
ইত্তেফাক/আনিসুর