নাম একই হলেও দেশ, জাতি, গোত্র একেবারেই আলাদা। একজন ভারতের মালায়ালাম অভিনেত্রী ভাবনা, আরেকজন বাংলাদেশি অভিনেত্রী ভাবনা। শুক্রবার চলন্ত গাড়িতে অপহরণ ও শ্লীলতাহানির শিকার হন মালায়ালাম ভাবনা। আর গতকাল রবিবার ভারতীয় মিডিয়া জি নিউজে ছবি বিভ্রাটের শিকার হলেন বাংলাদেশি ভাবনা। বিষয়টি নিয়ে বেশ ক্ষুব্ধ এ মডেল-অভিনেত্রী।
ঘটনা খুলে বলি, গত শুক্রবার শুটিং শেষে বাড়ি ফেরার পথে রাত ৯টার দিকে ভারতের কচির এরনাকুলামের আথানি নামক স্থানে তার গাড়িতে জোর করে একদল ব্যক্তি প্রবেশ করে। এরপর তার গাড়িতেই অপহরণ করা হয় এ অভিনেত্রীকে। দুর্বৃত্তরা তার শ্লীলতাহানি করে, অভিনেত্রীর ছবি ও ভিডিও করে দলটি।
IMG0
পরে অবশ্য ঘণ্টা খানেক পরে তাকে ছেড়ে দেয়া হয়। এটা নিয়ে মামলা, আটকের ঘটনাও ইতোমধ্যে ঘটেছে। এ ঘটনায় ভাবনার গাড়িচালক মার্টিনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
এটা নিয়ে গতকাল রবিবার খবর প্রকাশ করেছে ভারতীয় গণমাধ্যম নিউজ। সেখানে মালায়ালাম অভিনেত্রী ভাবনার পরিবর্তে ভুল করে বাংলাদেশি ভাবনার ছবি ব্যবহার করা হয়েছে। দিন পেরিয়ে গেলেও বিষয়টি নিয়ে মোটেও খেয়াল করেনি ঐ গণমাধ্যম।
সোমবার ভাবনা তার ফেসবুকে নিউজটির লিংক এবং স্ট্যাটাসে বিষয়টি নিয়ে ক্ষোভ প্রকাশ করেন।
ভাবনা বলেন, ‘মানুষ এতো নির্বোধ এবং বিরক্তির কিভাবে হয়! এ ধরণের নিউজ করার আগে দুইবার ভাববে না। খুব হতাশাজনক ব্যাপার। আলহামদুলিল্লাহ আমি ভাল আছি। এটা আমার সংবাদ না।’
ইত্তেফাক/আনিসুর