ক্ষুদ্র ও মাঝারী উদ্যোক্তাদের ঋণ সহায়তায় ব্যাংক এশিয়ার চুক্তি স্বাক্ষর

দেশব্যাপী উৎপাদন ও সেবা খাতের নারী উদ্যোক্তা এবং ইলেকট্রিক্যাল প্রোডাক্ট ক্লাস্টারের উদ্যোক্তাদের অর্থায়নের লক্ষ্যে ব্যাংক এশিয়া এবং এমএমই ফাউন্ডেশন গত বৃহস্পতিবার দুটি চুক্তি স্বাক্ষর করেছে।
 
ব্যাংক এশিয়ার প্রেসিডেন্ট ও ব্যবস্থাপনা পরিচালক মো. আরফান আলী এবং এসএমই ফাউন্ডেশনের ব্যবস্থাপনা পরিচালক মো. সফিকুল ইসলাম রাজধানী ঢাকার কাওরান বাজারস্থ এসএমই ফাউন্ডেশন অফিসে আয়োজিত এক অনুষ্ঠানে নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন।
 
ব্যাংক এশিয়ার সিনিয়র এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট ও এসএমই এবং কৃষি বিভাগের প্রধান সরদার আক্তার হামেদ, এসএমই ফাউন্ডেশনের মহা ব্যবস্থাপক এসএম শাহীন আনোয়ার, উপ-মহাব্যবস্থাপক নাজিম হাসান সাত্তার এবং উভয় প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা এ সময় উপস্থিত ছিলেন।
 
চুক্তি অনুযায়ী এসএমই ফাউন্ডেশনের ক্রেডিট হোলসেলিং কর্মসূচির আওতায় ব্যাংক এশিয়া উপযুক্ততার মাপকাঠিতে উত্তীর্ণ উদ্যোক্তাকে ৫০ হাজার থেকে ১০ লাখ টাকা পর্যন্ত ঋণ সহায়তা প্রদান করবে। ঢাকা ও চট্টগ্রাম শহর ব্যাতীত সারা দেশের নারী উদ্যোক্তারা এবং রাজধানী ঢাকার পার্শ্ববর্তী শ্যামপুর-জুরাইন-কদমতলী এবং সংলগ্ন এলাকার ইলেকট্রিক্যাল প্রোডাক্ট ক্লাস্টারের উদ্যোক্তাদের এ ঋণ সহায়তা প্রদান করা হবে।
 
 
 
ইত্তেফাক/উজ্জল