তারা চড়-ঘুষির রাজনীতি শুরু করেছেন: রিজভী

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, আওয়ামী লীগের অন্যতম প্রধান নেতা একজন এমপিকে লাঞ্ছিত করেছেন। চড়-ঘুষি মারছেন। দম্ভ দেখাচ্ছেন। রাজনীতিতে সন্ত্রাসী অপসংস্কৃতি ঢুকাচ্ছেন। নতুন প্রজন্মকে এ কোন সংস্কৃতি দেখাচ্ছেন?
 
রিজভী বলেন, দলের নেতা দলের এমপিকে গুলি করে মেরে ফেলছে, এটা কি রাজনীতির কোনো দৃষ্টান্ত হতে পারে? ২০১৪ সালের পর এই সরকারের বৈধতা শেষ হয়ে গেছে। তারপরও জোর করে ক্ষমতায় রয়েছেন, এটাও একটা অসংস্কৃতি কর্মকাণ্ড।
 
সোমবার জাতীয় প্রেস ক্লাবের হল রুমে সাংবাদিক চন্দন রহমানের ছড়ার বই ‘খোঁচা’ এর মোড়ক উন্মোচন অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
 
রিজভী বলেন, আওয়ামী লীগের আমলে কোনো আদালতই নিরপেক্ষভাবে দায়িত্ব পালন করে না। আর সেখানে যদি বিরোধী দলের মামলা বা অভিযোগ থাকে সেগুলো আওয়ামী লীগের দেয়া। সেটারও রায় সরকারের মনোনীত রায়। আদালত কি রায় দেবেন সেটা আদালতের বিচারিক প্রক্রিয়ার বিষয়। কিন্তু তার আগেই প্রধানমন্ত্রী রায়ের একটি আগাম আভাস দিচ্ছেন। সুতরাং বোঝা যায় তিনি আদালতকে প্রভাবিত করছেন। তার কথায় আদালত কাজ করবে সেটা সুস্পষ্ট। কিন্তু ১৬ কোটির মানুষের দেশে এটা সম্ভব নয়।
 
তিনি বলেন, বিএনপি চেয়ারপারসনের বিরুদ্ধে দুদুকের দেয়া জিয়া চ্যারিটেবল ট্রাস্ট মামলার যে রায় হবে সেটা প্রধানমন্ত্রীর শেখ হাসিনার মনোনীত রায়। তার ইচ্ছের প্রতিফলন হতে পারে। জার্মানিতে দেয়া প্রধানমন্ত্রীর বক্তব্যে সেটাই ফুটে ওঠে। তিনি বলেন, বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে দেয়া জিয়া চ্যারিটেবল ট্রাস্ট মামলা উদ্দেশ্য প্রণোদিত, প্রতিহিংসার মামলা, এটা সবাই জানে। কিন্তু তার উদ্দেশ্য ভিন্ন।
 

ইত্তেফাক/মণ্ডল