গ্রাহকের নামে চেকবই ইস্যুর আগেই গ্রাহকের হিসাব থেকে ভুয়া চেক ব্যবহার করে ১০ লাখ ৪৫ হাজার টাকা আত্মসাত করার মামলায় বাংলাদেশ কৃষি ব্যাংকের দুই কর্মকর্তার বিরুদ্ধে চার্জশিটের অনুমোদন দিয়েছে দুর্নীতি দমন কমিশন।
এই দুই কর্মকর্তা হলেন, কৃষি ব্যাংকের বাগেরহাটের মোড়েলগঞ্জ সন্নাসী বাজার শাখার উর্ধ্বতন কর্মকর্তা জয়দেব কুমার পাল ও নিরাপত্তা প্রহরী মো. আল-আমিন শেখ। গত বছরের ৩১ মে বাগেরহাটের মোড়েলগঞ্জ থানায় বাংলাদেশ কৃষি ব্যাংকের মোড়েলগঞ্জ সন্নাসী বাজার শাখার ব্যবস্থাপক মিঠুন দে বাদী হয়ে একটি মামলা দায়ের করেন। মামলা নম্বর ৪৮। সোমবার দুপুরে কমিশনের নির্ধারিত বৈঠকে তাদের বিরুদ্ধে চার্জশিটের অনুমোদন দেয়া হয়েছে।
দুদক সূত্র জানায়, আসামিরা পরস্পর যোগসাজসে অপরাধজনক বিশ্বাস ভঙ্গ, ক্ষমতার অপব্যবহার ও জাল-জালিয়াতির মাধ্যমে গ্রাহকের হিসাব থেকে ভুয়া চেক ব্যবহার করে ১০ লাখ ৪৫ হাজার টাকা আত্মসাত করেন। দুদক সূত্র জানায়, মামলাটির সব প্রকার তদন্ত প্রক্রিয়া শেষে তদন্ত কর্মকর্তা সজেকা খুলনার উপ-সহকারী পরিচালক রাজ কুমার সাহা আসামিদের বিরুদ্ধে চার্জশিট দেওয়ার জন্যে কমিশনে আবেদন করেন। যার পরিপ্রেক্ষিতে কমিশন আসামিদের বিরুদ্ধে অর্থ আত্মসাতের সংশ্লিষ্টতার প্রমাণ পাওয়ায় কমিশন তাদের বিরুদ্ধে চার্জশিটের অনুমোদন দিয়েছে।
ইত্তেফাক/মণ্ডল