রাষ্ট্রভাষার মর্যাদা অক্ষুণ্ণ রাখতে হবে : অধ্যাপক জামিলুর রেজা

‘রাষ্ট্রভাষা বাংলার মর্যাদা অক্ষুণ্ণ রাখতে হলে এর সঠিক চর্চা অব্যাহত রাখতে হবে। যাদের রক্তের বিনিময়ে বাংলাকে আমরা মাতৃভাষা হিসেবে পেয়েছি তাদের অবদান চিরস্মরণীয় হয়ে থাকবে। তাই বাংলা ভাষাকে রাষ্ট্রভাষা হিসেবে পাবার যেই ইতিহাস তা তরুণ প্রজন্মসহ সকলের জানা জরুরি।’ 
 
মহান ভাষা দিবস উপলক্ষে আয়োজিত এক বিতর্ক প্রতিযোগিতায় আজ সোমবার একুশে পদক প্রাপ্ত অধ্যাপক জামিলুর রেজা এসব কথা বলেন। 
 
‘উচ্চ আদালতসহ সর্বস্তরে বাংলা ভাষার ব্যবহার নিশ্চিতকরণ’ শীর্ষক ছায়া সংসদটি ফার্মগেটস্থ ইউনিভার্সিটি অব এশিয়া প্যাসিফিক ক্যাম্পাসে অনুষ্ঠিত হয়েছে। বাংলা আমার অহংকার এই স্লোগানে এই ভাষা দিবস বিতর্ক আয়োজন করে ডিবেট ফর ডেমোক্রেসি। 
 
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ডিবেট ফর ডেমোক্রেসি’র চেয়ারম্যান হাসান আহমেদ চৌধুরী কিরণ। বিশেষ অতিথি ছিলেন- অধ্যাপক সৈয়দ আনোয়ার হোসেন ও ইউনিভার্সিটি অব এশিয়া প্যাসিফিক এর ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান কাইয়ুম রেজা চৌধুরী। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন- এয়ার কমোডর (অব.) ইশফাক ইলাহী চৌধুরী, ডিবেট ফর ডেমোক্রেসি’র সিনিয়ার কো-অর্ডিনেটর সাবরিনা মিলি, বিতর্ক প্রতিযোগিতার সমন্বয়ক হাফিজ উদ্দিন মুন্না প্রমুখ।
 
প্রধান অতিথির বক্ত্যেবে অধ্যাপক জামিলুর রেজা চৌধুরী বলেন, প্রথম শহীদ মিনার তৈরির নেতৃত্বদানকারী শহীদ বদরুল আলম আজ আমাদের মাঝে না থাকলেও বাংলাদেশর বিভিন্ন স্থানসহ সারা পৃথিবীতে আমরা অসংখ্য শহীদ মিনার দেখতে পাচ্ছি। তরুণ প্রজম্মের শিক্ষার্থীদের সেই ইতিহাস জানা জরুরি যার মাধ্যমে আমরা রাষ্ট্রভাষা বাংলাকে পেয়েছি। তবে তিনি বিশ্ব দরবারে স্থান করে নিতে হলে শুদ্ধ বাংলা চর্চার পাশাপাশি ইংরেজি জানার ওপর গুরুত্ব দেন। 
 
সভাপতির বক্ত্যেবে হাসান আহমেদ চৌধুরী কিরণ বলেন, একুশের চেতনা বৃথা যায়নি। একুশ আমাদের দিয়েছে ৬৯, ৭১ ও ৯০ এ স্বৈরাশাসন এর পতন। কিন্তু এখন জাতির কাছে অনেক সময় প্রশ্ন হয়ে দাঁড়ায় আমরা কি একুশের চেতনাকে ধরে রাখতে পারছি। প্রধান রাজনৈতিক দলগুলো কি পারছে প্রতিহিংসার রাজনীতি পরিহার করে সহিংসমুক্ত বাংলাদেশ গড়ে তুলতে। তিনি আরো বলেন, দেশে সুশাসন, আইনের শাসন, গণতন্ত্র ভোটাধিকার কি আমরা প্রতিষ্ঠা পারছি। আমরা কি গণতন্ত্র উন্নয়নকে সমভাবে এগিয়ে নিতে সকল রাজনৈতিক দলগুলো ঐক্যমতের ভিত্তিতে কাজ করছি। এসব বিষয় নিয়ে আমাদের ভাবতে হবে। আর তাই দেশকে মধ্যম আয়ের দিকে এগিয়ে নিতে হলে একুশের চেতনায় উদ্ভুদ্ধ হয়ে ঐক্যের বাংলাদেশ গড়ে তুলতে হবে বলে উল্লেখ করেন জনাব কিরণ।
 
ইত্তেফাক/মাহমুদুল ইসলাম