ভাষা সংগ্রামীর গল্প নিয়ে তিশা-দিনারের ‘উত্তরাধিকার’

 
আমেরিকার একটি বিশ্ববিদ্যালয় থেকে ভাষাতত্ত্বে পিএইচডি করতে বাংলাদেশে এসেছে চর্যা। প্রত্যন্ত গ্রামে গবেষণা করতে গিয়ে চর্যার সঙ্গে পরিচয় হয় মাধ্যমিক স্কুলের শিক্ষক বরকতের সঙ্গে। নিজের সম্পর্কে চর্যার উচ্চ ধারণায় একটু একটু করে ফাটল ধরতে ধাকে। বরকত এবার তাকে একটি হতদরিদ্র পরিবারের কাছে নিয়ে যায়।
 
বকুল ও শিমুল দুই বোন দাদির কাছে থাকে। বাবা মারা গেছে। মা অন্য কোথাও চলে গেছে। ওদের দাদুর বাবা একজন ভাষা সংগ্রামী ছিলেন। অথচ বাংলা ভাষার জন্য সংগ্রাম করে জীবন সংগ্রামে হেরে যাওয়া মানুষটার উত্তরাধিকারীরাই আজ অবহেলিত, নিরক্ষর। চর্যা এবার একটা বড়সড় ধাক্কা খায়। চর্যা বুঝতে শুরু করে কী অর্থহীন জীবনই না কাটিয়েছে সে। অঝোরে কাঁদতে শুরু করে চর্যা। আর মনে মনে একটা সিদ্ধান্ত নেয়।
 
এভাবে এগিয়ে যায় নাটকের গল্প। সারওয়ার রেজা জিমির গল্প ও চিত্রনাট্য রচনায় নাটকটি পরিচালনা করেছেন তুহিন হোসেন। 
 
নাটকে বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন নুসরাত ইমরোজ তিশা, ইন্তেখাব দিনার, জহুরুল ইসলাম কিসলু, ডেইজি আহমেদ প্রমুখ।
 
রাত ৯টা ৫ মিনিটে এনটিভিতে প্রচারিত হবে বিশেষ নাটক ‘উত্তরাধিকার’।
 
ইত্তেফাক/আনিসুর