ছিটমহল বিলুপ্তির পর দ্বিতীয় বারের মতো কলা গাছের তৈরি শহীদ মিনারে ভাষা শহীদদের স্মরণে শ্রদ্ধা জানালেন স্থানীয়রা।
এখনও পর্যন্ত বিলুপ্ত এসব ছিটমহলের কোথাও সরকারি বা বেসরকারিভাবে শহীদ মিনার নির্মিত হয়নি।
ঠিক এভাবেই লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার বিলুপ্ত ৪নং বড় খেঙ্গির ছিটমহল বর্তমান মুজিব-ইন্দিরা নগরে কলা গাছের তৈরি শহীদ মিনারে ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছেন স্থানীয়রা।
২১ শে ফেব্রুয়ারি মহান আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে বিলুপ্ত ছিটমহল উন্নয়ন পরিষদের সভাপতি গোলাম মতিন রুমির উদ্যোগে রাতে ভাষা শহীদদের স্মরণ ও শ্রদ্ধা জানাতে কলা গাছে সাদা কাপড় মুড়িয়ে শহীদ মিনার তৈরি করা হয়।
সকাল ৭ টার দিকে ওই শহীদ মিনারে ফুল দিয়ে শ্রদ্ধা জানানো হয়। এসময় উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক নুরে আলম আজাদ জুয়েল ও বিলুপ্ত ছিটমহলের রেজাউল ইসলাম, আমিনুর রহমান, মহসিন আলী, আহিদার রহমানসহ বিভিন্ন বয়সী জনসাধারণ, শিশু-কিশোররা উপস্থিত থেকে শ্রদ্ধা জানান। শ্রদ্ধা শেষে ভাষা শহীদদের রুহের মাগফিরাত কামনা করে এক মিনিট নীরবতা পালন ও দোয়া করা হয়।
ইত্তেফাক/জামান