খেলার দ্বিতীয়ার্ধে লুকাস পেরেজ ও থিও ওয়ালকটের দুই গোলে ভর করে এফএ কাপে ২-০ গোলে সাটন ইউনাইটেডকে পরাজিত করেছে আর্সেনাল। সোমবার বরাহ স্পোর্টস গ্রাউন্ডে অনুষ্ঠিত এই ম্যাচের মাধ্যমে আগের সপ্তাহে বায়ার্ন মিউনিখের কাছে ৫-১ গোলের হারের গ্লানি মুছে জয়ের ধারায় ফিরল আর্সেন ওয়েঙ্গারের শিষ্যরা।
গ্রানিট ঝাকার পাস থেকে ম্যাচের ২৬তম মিনিটে গোল করে সফরকারী আর্সেনালকে এগিয়ে দেন ইংল্যান্ড ফরোয়ার্ড লুকাস। এরপর ৫৫তম মিনিটে অ্যালেক্স ওবির পাস থেকে গোল করে ব্যবধান দ্বিগুণ করেন ওয়ালকট। এটি ছিল আর্সেনালের হয়ে ওয়ালকটের শততম গোল। এই জয়ে কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করেছে আর্সেনাল।
শেষ আটের ম্যাচে এখন তারা প্রতিপক্ষ হিসেবে পেয়েছে লীগ বহির্ভূত আরেক ক্লাব লিংকন সিটিকে। অবশ্য একেবারেই নীচের সারির একটি দলের বিপক্ষে এত কম ব্যবধানের জয়টিও সমালোচনার মুখে ফেলেছে আর্সেনালকে। কারণ ইংল্যান্ডে সামগ্রিক অবস্থানের দিক থেকে সাটনের অবস্থান ১০৫তম। ৫ম বিভাগের জাতীয় লীগ খেলুড়ে ক্লাবটির অবস্থান সেখানেও অনেক নীচে। তাদের অবস্থান ১৭তম। অর্থাৎ দল দুটির মধ্যে বিস্তর ফারাক রয়েছে।
খেলা শেষের প্রতিক্রিয়ায় আর্সেনাল কোচ ওয়েঙ্গার বিবিসি স্পোর্টসকে বলেন, ‘আমরা আমাদের কাজটি করেছি। ম্যাচটি খুব একটা সহজ ছিলনা। তারা যেভাবে প্রতিরোধের গড়ে তুলেছে তা অবশ্যই প্রশংসনীয়। নিজেদের মাঠের শতভাগ সুবিধা আদায় করেছে এবং দলটি খুবই ভাল খেলেছে।’ বাসস/এএফপি/এমএইচসি।
ইত্তেফাক/সেতু