খাগড়াছড়ির মাটিরাঙ্গায় জীপ উল্টে একজন নিহত হয়েছেন। এ ঘটনায় অপর তিনজন আহত হয়েছে।
শনিবার বিকাল সাড়ে ৫টার দিকে মাটিরাঙ্গা থেকে মালবোঝাই চাঁদের গাড়ি (গাড়ি নং-ঢাকা-ক-১৫১২) আমতলী যাবার পথে পলাশপুর এলাকায় উল্টে এ দুর্ঘটনা ঘটে। ঘটনাস্থলে মো. কবির হোসেন (৩৭) নামে একজন নিহত হন। নিহত মো. কবির হোসেন বড়নালের মাষ্টারপাড়ার বাসিন্দা হাজী মো. জসিম উদ্দিনের ছেলে।
দুর্ঘটনায় গুরুতর আহতরা হলেন, মো. জাকির হোসেনরে স্ত্রী খোরশেদা বেগম (৩৫), মো. আবদুল খালেকের ছেলে মো. আবুল কালাম (২০) ও মো. কাদিম আলীর ছেলে আবদুর রহমান (৭০)।
আহতদের মধ্যে আশঙ্কাজনক অবস্থায় মো. আবুল কালামকে খাগড়াছড়ি জেলা সদর হাসপাতালে প্রেরণ করেন কর্তব্যরত চিকিৎসক ডা. সব্যসাচী নাথ রুবেল।
এদিকে দুর্ঘটনার পরই ঘটনাস্থলে ও পরে মাটিরাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আহতদের দেখতে যান মাটিরাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার বি.এম মশিউর রহমান। এসময় তিনি আহতদের চিকিৎসার খোঁজ-খবর নেন।
দুর্ঘটনার পর স্থানীয়দের সহযোগিতায় পুলিশ হতাহতদের উদ্ধার করে মাটিরাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়।
মাটিরাঙ্গা থানার অফিসার ইনচার্জ মো. সাহাদাত হোসেন টিটো দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে বলেন, দুর্ঘটনার পর থেকে চালক পলাতক রয়েছে।
ইত্তেফাক/নূহু