তরুণ প্রজন্মের কাছে মডেল-অভিনেত্রী শাহতাজ মুনিরা হাশেম এখন বেশ জনপ্রিয়। শুধু বিজ্ঞাপন ও মিউজিক ভিডিওর মডেল হিসেবেই নয়, নাটকে অভিনয় করেও আলোচিত হয়েছেন।
কয়েকমাস আগে নিজের গাওয়া গানের মিউজিক ভিডিওর মডেল হয়েছেন শাহতাজ। কিন্তু টেলিভিশনের পর্দায় অন্যদের মতো নিয়মিত দেখা যায় না তাকে।
এ প্রসঙ্গে শাহতাজ বলেন, ‘নাটকের চেয়ে বিজ্ঞাপনই আমাকে বেশি টানে। বিজ্ঞাপনের কাজে একটু সময় কম দিলেই হয়, কিন্তু নাটকের কাজে প্রচুর সময় দেওয়া লাগে। আমি মূলত কাজ করি পড়াশোনার ফাঁকে অবসর সময়টায়। আরেকটা ব্যাপার হলো, আমি এখনো অভিনয় পুরোপুরি আয়ত্ত্বে আনতে পারিনি। অনেককিছু শেখার বাকি রয়েছে। আর গানের বিষয়টি হলো গান গাইতে ভালোবাসি তাই গেয়েছি। গান নিয়ে এখনই কাজ করবো না। একটু সময় নিয়ে ভালো গান করতে চাই।’
চলচ্চিত্রের প্রস্তাব ও কাজ করবেন কি-না জানতে চাইলে শাহতাজ বলেন, ‘প্রস্তাব তো নিয়মিত পাচ্ছি। কিন্তু এখন আমি চলচ্চিত্রে অভিনয় করবো না। আমার সময় লাগবে। আমার অভিনয়ের উন্নতি প্রয়োজন। এখন আমার কাছে কাজ নয়, পড়াশোনাটাই মুখ্য।’
ইত্তেফাক/আনিসুর