ভারতের চেন্নাই ও সিলেটের সকালের ফ্লাইট শুরু করেছে ইউএস-বাংলা

বাংলাদেশি কোনো বিমান সংস্থা হিসেবে ইউএস-বাংলা প্রথমবারের মতো বাংলাদেশ থেকে সরাসরি ভারতের চেন্নাইতে ফ্লাইট পরিচালনা শুরু করলো। একই সাথে ঢাকা-সিলেট-ঢাকা রুটে সকালের ফ্লাইটসহ প্রতিদিন তিনটি ফ্লাইট পরিচালনা শুরু করেছে ইউএস-বাংলা।

 

আজ রবিবার সময় সকাল নয়টা ১০ মিনিটে উদ্বোধনী ফ্লাইট হিসেবে ঢাকা থেকে ৯৪ জন এবং সকাল ১০টা ৪৫ মিনিটে চট্টগ্রাম থেকে ৬২ যাত্রী নিয়ে চেন্নাই এর উদ্দেশে যাত্রা করে। এবং চেন্নাই থেকে ঢাকার যাত্রী রয়েছে ৯৭ জন এবং চট্টগ্রাম এর যাত্রী রয়েছে ৬৬ জন। উদ্বোধনী ফ্লাইটে প্রায় ৯৮% যাত্রী নিয়ে বাংলাদেশ থেকে চেন্নাইতে ফ্লাইট পরিচালনা শুরু করেছে। ফ্লাইট শুরুর পূর্বে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দরের পরিচালক গ্রুপ ক্যাপ্টেন আবদুল্লাহ আল-ফারুক ফিতা কেটে ঢাকা-চেন্নাই ফ্লাইট উদ্বোধন করেন। এবং যাত্রার পূর্বে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

 

প্রাথমিকভাবে সপ্তাহে তিন দিন ঢাকা থেকে চেন্নাই রুটে ফ্লাইট পরিচালিত হবে। ঢাকা-চেন্নাই রুটে ওয়ানওয়ের জন্য সর্বনিম্ন ভাড়া ১৫,০৪৩ টাকা এবং রিটার্ন ভাড়া ২২,০৫২ টাকা নির্ধারন করা হয়েছে। এছাড়া চট্টগ্রাম-চেন্নাই রুটে ওয়ানওয়ের জন্য সর্বনিম্ন ভাড়া ১৬,০৪৫ টাকা এবং রিটার্ন ভাড়া ২৪,০৫৬ টাকা নির্ধারন করা হয়েছে। ভাড়ায় সকল ধরনের ট্যাক্স ও সারচার্জ অন্তর্ভূক্ত। প্রাথমিকভাবে রবি, মঙ্গল, বৃহস্পতিবার ঢাকা থেকে সকাল নয়টা ১০ মিনিটে এবং চট্টগ্রাম থেকে সকাল ১০টা ৪৫ মিনিটে চেন্নাই এর উদ্দেশ্যে ছেড়ে যাবে এবং চেন্নাই এর স্থানীয় সময় দুপুর ১২টা ৪৫ মিনিটে পৌঁছাবে। এছাড়া চেন্নাই থেকে রবি, মঙ্গল ও বৃহস্পতিবার স্থানীয় সময় দুপুর দেড়টায় চট্টগ্রামের উদ্দেশ্যে ছেড়ে আসবে এবং বিকাল চারটা ৩০ মিনিটে চট্টগ্রাম ও সন্ধ্যা ছয়টায় ঢাকায় পৌঁছাবে। এছাড়া চেন্নাইতে বাংলাদেশী ট্রাভেলারদের ভ্রমণ করার জন্য স্বল্প খরচে আকর্ষণীয় ট্যুর ও মেডিকেল প্যাকেজ ঘোষণা করেছে ইউএস-বাংলা এয়ারলাইন্স।

 

ইত্তেফাক/এএম