বাংলাদেশের তিনটি ছবি কানাডা ভিত্তিক ‘ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল অব সাউথ এশিয়ায়’ আমন্ত্রণ পেয়েছে। ছবিগুলো হলো ‘ভুবন মাঝি’, ‘মাটির প্রজার দেশে’ ও ‘লাইভ ফ্রম ঢাকা’। এবারের উৎসবে দক্ষিণ এশিয়ার ৪০টি ছবি প্রদর্শিত হবে বলে জানা গেছে।
কানাডার টরন্টোতে উৎসবের পর্দা উঠবে আসছে ১১ই মে, শেষ হবে ২২শে পর্যন্ত। ‘ভুবন মাঝি’ ২১শে মে প্রদর্শন হবে। দেশে মুক্তি পাওয়ার আগেই এমন একটি উৎসবে আমন্ত্রণ পেয়ে খুশি এই ছবির নির্মাতা ফখরুল আরেফিন। প্রধান দুটি চরিত্রে অভিনয় করেছেন কলকাতার পরমব্রত চট্টোপাধ্যায় ও বাংলাদেশি অভিনেত্রী অপর্ণা ঘোষ।
এছাড়া ‘মাটির প্রজার দেশে’ ও ‘লাইভ ফ্রম ঢাকা’ ছবি দুটিও এই উৎসবে প্রদর্শনের জন্য আমন্ত্রণ পেয়েছে। ‘মাটির প্রজার দেশে’ ছবিতে অভিনয় করেছেন জয়ন্ত চট্টোপাধ্যায়, রোকেয়া প্রাচী, কচি খন্দকার প্রমুখ। আর ছবিটি পরিচালনা করেছেন বিজন।
‘লাইভ ফ্রম ঢাকা’ ছবিতে প্রধান দুটি চরিত্রে অভিনয় করেছেন মোস্তফা মনোয়ার ও তাসনোভা তামান্না। ছবিটি পরিচালনা করেছেন আবদুল্লাহ মোহাম্মদ সাদ।
ইত্তেফাক/আনিসুর