দুনিয়া ও আখিরাতের কল্যাণের লক্ষ্যে বৃহস্পতিবার থেকে অনুষ্ঠিতব্য নাটোর অংশের বিশ্ব ইজতেমায় মুসল্লিদের আগমন শুরু হয়েছে। ইতোমধ্যে ইজতেমা আয়োজনের সকল প্রস্তুতি সম্পন্ন হয়েছে।
নাটোর শহরের বাইপাস এলাকাতে অবস্থিত মারকাজ জামে মসজিদ সংলগ্ন মাঠে আয়োজিত ইজতেমায় পাঁচটি দেশের বিদেশি অতিথিসহ লক্ষাধিক মুসল্লি অংশগ্রহণ করবেন বলে আশা করা হচ্ছে।
মসজিদের পশ্চিম অংশের বিশাল মাঠে জেলার সাতটি উপজেলার অবস্থান নির্দেশ করে প্যান্ডেল স্থাপন করা হয়েছে। প্রায় দুই মাস ধরে শতাধিক মানুষ স্বেচ্ছাশ্রমের ভিত্তিতে এই প্যান্ডেল নির্মাণ করেছেন। প্যান্ডেলের দায়িত্বে নিয়োজিত অধ্যাপক আবু আব্দুল্লাহ্ মো. সালেহ্ জানান, এই প্যান্ডেলে অন্তত ৭০ হাজার মুসল্লি অবস্থান করতে পারবেন এবং এর মধ্যে ৫০ হাজার মুসল্লি রাত্রি যাপন করতে পারবেন।
আশা করা হচ্ছে, ইজতেমার দ্বিতীয় দিনে দেড় লক্ষ মুসল্লির অংশগ্রহণে জুম্মার নামাজ এবং পরদিন শনিবার আখেরি মুনাজাত অনুষ্ঠিত হবে। আর বৃহস্পতিবার জোহরের নামাজের প্রাক্কালে ইজতেমার আনুষ্ঠানিকতা শুরু হবে। -বাসস।
ইত্তেফাক/জামান