আধুনিক বাংলা কাব্য-সাহিত্যে আশির দশকের একজন বিশিষ্ট কবি প্রিতম গোর্কি। কবিতা ও ছোট গল্পের মাধ্যমে আত্মপ্রকাশ। ‘বিদীর্ণ বোধের সওয়ার’ তাঁর সাম্প্রতিক কাব্যগ্রন্থ। প্রকাশিত হয়েছে এবারের একুশের বইমেলায়। গল্পে পারদর্শিতা থাকলেও কবিতায় তিনি আরও বেশি নৈপুণ্যের পরিচয় দিয়েছেন।
জীবনের বিচিত্র পথে তাঁর কবিতার শৈল্পিক পদচারণা। সমাজ সংস্কৃতি ও রাজনীতির সংঘাতময় বিবর থেকে ঘটেছে তাঁর কবিতার মনোরম আবির্ভাব। রাজনীতি এবং মুক্তিযুদ্ধের চেতনায় তাঁর অনুভব ও সাহসী উচ্চারণ হয়ে উঠেছে অত্যন্ত বাস্তবতা স্পর্শী। কবিতার আপন ভুবনে প্রিতম গোর্কির বিচরণ সবিশেষ স্বচ্ছন্দ ও স্বতঃস্ফূর্ত।
এই কাব্যগ্রন্থে এমন কিছু কবিতা অঙ্কিত হয়েছে, যে কবিতায় পাঠক সহজেই খুঁজে পাবে নিজের মুখের স্বচ্ছ আদল। কবি ব্যক্তিগত হৃদয় সংক্ষোভ ও জাগতিক যন্ত্রণার প্রতিফলনকে শিল্পের চূড়ান্ত মাত্রায় পৌঁছে দিয়েছেন। যে কারণে তাঁর কবিতা হয়ে উঠেছে পাঠকেও চিন্তার খোরাক। এখানেই কবি শিল্প সৃষ্টিতে অনুধ্যায়ী। ঘটমান মানব চরিত্র বিষয়ক চিত্র অংকনে সার্থক স্রষ্টা হিসেবে তাঁকে অনুমান করা মোটেও কষ্টসাধ্য নয়।
একজন সমালোচকের সাথে সবাই একমত হবেন এমন আশা করা সমীচীন হতে পারে না। আমার বিশ্বাস প্রিতম গোর্কির কবিতায় সুশৃঙ্খল শব্দবিন্যাস, শব্দের বিচিত্র সম্ভাবনা, মনোরম ধ্বনি-গুঞ্জন এবং সম্মোহিত কাব্য-সুরভির সাবলীল নির্মাণ কৌশল পাঠকের কাছে হয়ে উঠবে আস্বাদ্য ও আকর্ষণীয়।
বইয়ের নাম: বিদীর্ণ বোধের সওয়ার, প্রকাশনী: বাংলালিপি আর পরিবেশক: মুক্তচিন্তা। মূল্য ধরা হয়েছে ২০০ টাকা
ইত্তেফাক/আনিসুর