গাজীপুরের কালীগঞ্জ উপজেলায় এলাকাবাসীর সঙ্গে পুলিশের সংঘর্ষের খবর পাওয়া গেছে।
মঙ্গলবার রাতে উপজেলার নাগরী ইউনিয়নের গলান বাজার এলাকায় এ ঘটনা ঘটে। এ সময় চার পুলিশ সদস্য আহত হয়েছে।
এ ঘটনায় বুধবার সকালে ১০ জনের নাম উল্লেখ করে মোট ১৫ জনের নামে মামলা হয়েছে। পরে একজনকে আটক করেছেপুলিশ।
কালীগঞ্জ সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার পংকজ দত্ত জানান, মঙ্গলবার রাত পৌণে আটটার দিকে উপজেলার গলান এলাকায় ঢাকা বাইপাস সড়কে নারায়ণগঞ্জগামী পোশাক কারখানার শ্রমিকদের পিকনিকের বাসটি একটি ইজিবাইককে ধাক্কা দেয়। এনিয়ে ঘটনা পরিক্রমায় এলাকাবাসীর সঙ্গে শ্রমিকদের সংঘর্ষ বেধে যায়।এতে কালীগঞ্জ থানাধীন উলুখোলা পুলিশ ফাঁড়ির সহকারী উপ-পরিদর্শক (এএসআই) আলমগীর, পুলিশ কনস্টেবল সেন্টু, পলাশ ও হুমায়ুন আহত হন। এ সময় ওই সড়কে প্রায় আধা ঘণ্টা যানবাহন চলাচল বন্ধ থাকে। পরে অতিরিক্ত পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আলম চাঁদ তথ্যের সত্যতা নিশ্চিত করে জানান, বাকি আসামিদের গ্রেফতারে চেষ্টা চলছে।
ইত্তেফাক/সালেহ্