গাজীপুরে স্ত্রী হত্যার দায়ে স্বামী আ. সাত্তারকে যাবজ্জীবন কারাদণ্ডের আদেশ দিয়েছেন আদালত। বুধবার দুপুরে গাজীপুরের জেলা ও দায়রা জজ এ কে এম এনামুল হক এ রায় ঘোষণা করেন। রায়ে একই সঙ্গে দণ্ডপ্রাপ্ত আসামিকে ৫ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরো এক মাসের সশ্রম কারাদণ্ড দেয়া হয়েছে। দণ্ডপ্রাপ্ত আসামি আ. সাত্তার (৩৫) ময়নসিংহের ফুলবাড়িয়া থানার এনায়েতপুর গ্রামের ইব্রাহিমের ছেলে।
গাজীপুর জজ কোর্টের পিপি অ্যাডভোকেট হারিছ উদ্দিন আহমদ জানান, ১৫ বছর আগে ময়নসিংহের ফুলবাড়িয়া থানার এনায়েতপুর এলাকার মৃত সাহেদ আলী মণ্ডলের মেয়ে মোছা. হাসিনাকে (৩২) বিয়ে করে আব্দুস সাত্তার। পরে তারা গার্মেন্টসে চাকরি করতে গিয়ে গাজীপুর সিটি কর্পোরেশনের বাড়িয়ালী এলাকার শাহজাহান ড্রাইভারের ভাড়া বাসায় বসবাস করতেন। গত বছরের ৫মার্চ সকালে হাসিনা গার্মেন্টসের উদ্দেশে বাসা থেকে বের হয়ে নিখোঁজ হন। পর দিন সকালে পাশ্ববর্তী টেকনগপাড়া এলাকার পতিত জমি থেকে গলায় ওড়না প্যাঁচানো অবস্থায় তার লাশ উদ্ধার করে পুলিশ।
এ ব্যাপারে নিহতের ভাই আব্দুর রাজ্জাক বাদী হয়ে অজ্ঞাত আসামি করে জয়দেবপুর থানায় একটি মামলা দায়ের করেন। আটজন সাক্ষীর সাক্ষ্য গ্রহণ ও শুনানি শেষে আদালত বুধবার ওই রায় দেন বিচারক। রাষ্ট্রপক্ষে পিপি অ্যাডভোকেট হারিছ উদ্দিন আহমদ ও আসামি পক্ষে অ্যাডভোকেট আশরাফুল ইসলাম রতন মামলাটি পরিচালনা করেন।
ইত্তেফাক/মাহমুদুল ইসলাম