গুরুদাসপুরে কলেজ থেকে ১৫টি সরকারি ল্যাপটপ চুরি

নাটোরের গুরুদাসপুর উপজেলার খুবজীপুর মোজাম্মেল হক ডিগ্রী কলেজের ‘শেখ রাশেল ডিজিটাল ল্যাব’ থেকে ১৫টি ল্যাপটপ-কম্পিউটার চুরির ঘটনা ঘটেছে। নৈশপ্রহরী না থাকার সুযোগে মঙ্গলবার গভীর রাতে ল্যাবের তালা ভেঙ্গে চুরি করে নিয়ে গেছে দুর্বৃত্তরা।
 
কলেজের অধ্যক্ষ রসুল উদ্দিন মৃধা জানান, বেশ কিছুদিন আগে নৈশপ্রহরী মারা গেলেও নতুন করে ওই পদে নিয়োগ দেওয়া হয়নি। সুযোগ বুঝে দুর্বৃত্তরা তালা ভেঙ্গে ল্যাব থেকে লেনেভো কোম্পানীর ১৫টি ল্যাপটপ কম্পিউটারগুলো নিয়ে যায়।
 
উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. হাফিজুর রহমান সত্যতা নিশ্চিত করে বলেন, অধ্যক্ষের অবহেলার কারণেই কলেজে ল্যাপটপ কম্পিউটারগুলো চুরির ঘটনা ঘটেছে। বিষয়টি জেলা প্রশাসকসহ সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তাদের জানানো হয়েছে।
 
গুরুদাসপুর থানার ওসি (তদন্ত) তারেকুর রহমান সরকার জানান, অভিযোগ পাওয়ার পর ঘটনাস্থলে গিয়ে কিছু আলামত উদ্ধার করা হয়েছে। কারণ অনুসন্ধানে পুলিশ কাজ করছে।
 
ইত্তেফাক/মাহমুদুল