'রাজধানীতে সংঘঠিত অগ্নিকাণ্ডগুলোর সঙ্গে কারও সম্পৃক্ততা বা ব্যর্থতা থাকলে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে', বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মাহবুব-উল আলম হানিফ। রবিবার (৩১ মার্চ) দুপুরে রাজধানীর ধানমন্ডিস্থ আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে দলের সম্পাদকমণ্ডলীর সভা শেষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি একথা বলেন।
তিনি বলেন, 'এই ভয়াবহ অগ্নিকাণ্ডগুলো নাশকতামূলক কিনা, তা নিয়ে মানুষের মধ্যে সন্দেহের সৃষ্টি হয়েছে। তাই বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে'।
তিনি আরও বলেন, 'প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বাধীন বর্তমান সরকার দশ বছরে ফায়ার সার্ভিসের যে উন্নয়ন করেছে গত ৪০ বছরের অন্যান্য সরকার তা করতে পারেনি। ২০০৯ সালে ফায়ার সার্ভিসের লোকবল ছিল ৪ হাজার ৩৭৭ জন, বর্তমানে তা উন্নীত হয়ে ১০ হাজার ৮৮০ জনে দাঁড়িয়েছে। একই সময়ে ফায়ার সার্ভিস স্টেশনের সংখ্যা ৪০২টি থেকে ৫৫৯টিতে উন্নীত হয়েছে। অগ্নিকাণ্ডের খবর জানাতে ৯৯৯ সার্ভিস চালু করা হয়েছে। ফায়ার সার্ভিস ব্যবস্থাকে আরও উন্নত ও আধুনিকীকরণ করতে প্রয়োজনীয় উদ্যোগ গ্রহন করা হয়েছে'।
আরও পড়ুন: হবিগঞ্জে হাওর থেকে কৃষকের লাশ উদ্ধার
এ সময় আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক এডভোকেট জাহাঙ্গীর কবির নানক, আব্দুর রহমান, সাংগঠনিক সম্পাদক আহমদ হোসেন, খালিদ মাহমুদ চৌধুরী, এমপি, আ ফ ম বাহাউদ্দিন নাছিম, বিএম মোজাম্মেল হক, ত্রাণ ও সমাজকল্যাণ সম্পাদক সুজিত রায় নন্দী, বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক ইঞ্জিনিয়ার আব্দুস সবুর, বন ও পবিরেশ বিষয়ক সম্পাদক দেলোয়ার হোসেন প্রমূখ উপস্থিত ছিলেন।
ইত্তেফাক/ জেডএইচডি