ভারতের পররাষ্ট্র সচিব ড. এস জয়শঙ্কর এক ঝটিকা সফরে আজ বৃহস্পতিবার দুপুরে ঢাকায় আসছেন। মার্চ মাসের শেষে বা এপ্রিলের শুরুতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সম্ভাব্য নয়াদিল্লী সফরের এজেন্ডা চূড়ান্ত করতেই ভারতীয় পররাষ্ট্র সচিবের এই সফর বলে কূটনৈতিক সূত্র জানায়।
পররাষ্ট্র সচিব শহীদুল হকের আমন্ত্রণে আজ দুপুরে বেইজিং থেকে ঢাকা এসে পৌঁছবেন। বিকাল পাঁচটায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সৌজন্য সাক্ষাত্ করবেন। সন্ধ্যায় পররাষ্ট্র সচিব শহীদুল হকের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করবেন জয়শঙ্কর। ঐ বৈঠকে প্রধানমন্ত্রীর নয়াদিল্লী সফরের দিনক্ষণ ও আলোচ্য সূচি নিয়ে আলোচনা করবেন দুই পররাষ্ট্র সচিব। তাছাড়া পানি, বিদ্যুত্ জ্বালানি, প্রতিরক্ষা, সীমান্ত, বাণিজ্য, যোগাযোগসহ সার্বিক সকল ইস্যু নিয়ে আলোচনা হবে। প্রধানমন্ত্রীর দিল্লী সফরকালে দুই দেশের মধ্যে প্রতিরক্ষাসহ বিভিন্ন খাতে অন্তত:২০টি দ্বিপাক্ষিক চুক্তি ও সমঝোতা স্মারক সই হওয়ার প্রস্তুতি চলছে বলে সূত্র জানায়। এস জয়শঙ্কর শুক্রবার সকালে নয়াদিল্লী ফিরে যাবেন।
ইত্তেফাক/নূহু