আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য, ১৪ দলের মুখপাত্র ও স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম বলেছেন- ২০১৯ সালে সংবিধান অনুযায়ী প্রধানমন্ত্রী শেখ হাসিনার অধীনে নির্বাচন হবে। রেফারির ভূমিকা নিয়ে নির্বাচন কমিশন মাঠে নেমেছে। এবার খেলা হবে নৌকা মার্কা জার্সি নিয়ে উন্নয়ন কর্মী ও জ্বালাও পোড়াও এর প্রতীক ধানের শীষে। সেই নির্বাচনে উন্নয়ন ধারা অব্যাহত রাখতে জনগণ শেখ হাসিনা ও তার দলকেই আবারো ভোট দেবে। গতকাল বুধবার কাজীপুরের চালিতাডাঙ্গা ইউনিয়নে ১০ শয্যা বিশিষ্ট আমেনা মনসুর মা ও শিশু কল্যাণ কেন্দ্রের ভিত্তি প্রস্তর স্থাপন শেষে ইউনিয়ন আওয়ামী লীগ আয়োজিত এক জনসভায় প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী এসব কথা বলেন। এর আগে মন্ত্রী কাজীপুরে প্রায় সাত কোটি টাকা ব্যয়ে শহীদ এম মনসুর আলী অডিটোরিয়ামের নির্মাণ কাজের অগ্রগতি পরিদর্শন ও চালিতাডাঙ্গা ইউনিয়ন পরিষদ ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন।
নাসিম বলেন, উন্নয়ন আর উন্নয়ন হচ্ছে আওয়ামী লীগের রাজনীতির অধ্যায়। অপরদিকে শুধু হত্যা লুটপাট ছিল বিএনপির রাজনীতি। তাদের আমলে চোখে পড়ার মতো কোনো উন্নয়ন হয়নি। নির্বাচনকালীন সরকার বিষয়ে বিএনপি’র সাম্প্রতিক বক্তব্যের কঠোর সমালোচনা করে মন্ত্রী বলেন- বিশ্বের বিভিন্ন দেশের মতো সংসদীয় গণতন্ত্রের এই দেশে সংবিধান অনুযায়ী নির্বাচন হবে। এর কোনো বিকল্প নেই।
সভায় বক্তব্য দেন সাবেক এমপি প্রকৗশলী তানভীর শাকির জয়, দলটির জেলা সহ-সভাপতি সিরাজুল ইসলাম খান, স্বাস্থ্য অধিদফতরের প্রধান প্রকৌশলী ব্রি. জেনারেল এম এ মোহী, উপজেলা চেয়ারম্যান মোজাম্মেল হক বকুল, শওকত হোসেন প্রমুখ। সভাপতিত্ব করেন দলটির ইউনিয়ন সভাপতি রুহুল আমীন সরকার।
নাসিম বলেন- বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার সাহসী পদক্ষেপে পদ্মা সেতুর কাজ শুরু হয়েছে। এই সেতু নিয়ে বিএনপিসহ বিশ্বব্যাংকের অনেকেই মিথ্যাচার করেছে। কানাডার আদালতে তা প্রমাণিত হয়েছে। মিথ্যা কথা বলার জন্য খালেদা জিয়ার দলীয় প্রধানের পদ থেকে পদত্যাগ করা উচিত।
গতকাল সকালে স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম সিরাজগঞ্জের কাজীপুরে মুক্তিযুদ্ধো যাচাই-বাছাই অনুষ্ঠান পরিদর্শন করেন। এ সময় মোহাম্মদ নাসিম সত্যিকার মুক্তিযোদ্ধাদের অন্তর্ভুক্ত করার নির্দেশ দেন।
ইত্তেফাক/নূহু