১ কোটি দর্শক পেরিয়ে ‘ঝুম’: মিনারের নতুন রেকর্ড

 
কাজ আর কাজের প্রাপ্তি কার না ভাল লাগে। এই প্রাপ্তি যখন ভক্ত-শ্রোতাদের কাছ থেকে আসে তখন সে প্রতিক্রিয়া কেমন হয়, তা নিশ্চয় বলার অপেক্ষা রাখে না। যেটা ঘটলো সঙ্গীততারকা মিনার রহমানের সঙ্গে। বিষয় কী!
 
মিনারের আলোচিত গান ‘ঝুম’ এর দর্শক সংখ্যা এককোটি পেরলো। এখন পর্যন্ত যেটি তার অন্যতম রেকর্ড। গত কয়েকদিন ধরে এই কোটি দর্শক প্রাপ্তি নিয়ে বেশ উত্তেজিত দেখা গেছে মিনারকে। কারণও রয়েছে, এই রেকর্ড যে একজন শিল্পীর কাজের প্রাপ্তি, এগিয়ে চলার উৎসাহ।
 
উল্লেখ্য, ২০১৬ সালের ১৬ জুন ইউটিউবে শেয়ার করা হয় গানটির ভিডিও। গানচিল মিউজিকের ব্যানারে রিলিজ হওয়া ‘ঝুম’র কথা ও সুর করেছেন মিনার নিজেই। সঙ্গীতায়োজনে ছিলেন সাজিদ সরকার। মোশন রক এন্টারটেইনমেন্টের হয়ে ভিডিও পরিচালনা করেছেন নির্মাতা তানিম রহমান অংশু। মডেল হন আশফাক রানা ও মৌসুম।
 
ঝুম’র রেকর্ড নিয়ে ইত্তেফাক অনলাইনকে মিনার বলেন, ‘আমি কোন আত্মপ্রত্যয়ী ভালোবাসার গল্প বলতে চাইনি। বলতে চাইনি কোন হৃদয় ভাঙ্গা পথচলার গল্প। আমি একটি উপলব্ধির গল্প বলতে চেয়েছিলাম। পৃথিবীর সব অনুভূতি কে আমি এই উপলব্ধির মাধ্যমে প্রকাশ করতে চেয়েছিলাম। সব আবদার, প্রত্যাশা, অনুশোচনা, আক্ষেপ প্রতিবাদ আর ভালোবাসা কে আমি শুধু একটি অভিব্যক্তিতে, শুধু একটি শব্দে প্রকাশ করতে চেয়েছিলাম, যার নাম 'ঝুম'। চলুন আমরা সিক্ত হই ১ কোটি ভালোবাসায়। ভালোবাসা সবাইকে’।
 
২০০৮ সালে ‘ডানপিটে’ অ্যালবামের মাধ্যমে সঙ্গীতাঙ্গনে পদার্পণ করেন মিনার। ‘সাদা’গান নিয়ে আসেন আলোচনায়। এরপর ‘আড়ি’‘আহা রে’। ‘ঝুম’ তাকে নিয়ে যায় জনপ্রিয়তার শীর্ষে।
 
সবশেষ ‘কারণে অকারণে’ শিরোনামের নতুন গান আবারো আলোচনায় এসেছে। সাড়া হিসেবে গানটির পাঁচদিনে ইউটিউব ভিউয়ার হয়েছে ১ লাখ ৫০ হাজারের বেশি মানুষ।
ইত্তেফাক/আনিসুর