দৈনিক পত্রিকার লাইফস্টাইল পাতার সম্পাদক সৌরজয়। তার মা-ও একজন সাংবাদিক। সৌরজয় লাইফস্টাইল পাতা চালানোর পাশাপাশি নিজের পাতায় প্রাচীন রাজবাড়ি বা ঐতিহ্য নিয়ে লিখতে ভালবাসে। তার এই লেখার ভক্ত ফ্যাশন ডিজাইনার ফিরোজা চৌধুরীর মেয়ে সুহা। সুহার সঙ্গে তার পরিচয়ের সূত্র তার মা ফিরোজা চৌধুরী।
এক পর্যায়ে সুহা তাকে বলে, ‘আপনি এত এত পুরানো রাজবাড়ি নিয়ে লেখেন কিন্তু ‘ফুল মহল’ নিয়ে লেখেন না কেন? সুহার কথায় সৌরজয় ‘ফুল মহল’-এর স্টোরি করতে উৎসাহী হয়। কিন্তু স্টোরি করতে গিয়ে হোঁচট খায় সে। এরপর মূল ঘটনার যাত্রা শুরু, নানা ক্লাইমেক্সে কাহিনী এগিয়েছে।
গত সপ্তাহ থেকে বাংলাভিশনে শুরু হয়েছে নতুন ধারাবাহিক নাটক ‘ফুল মহল’। আহমেদ শাহাবুদ্দীন’র রচনা ও সকাল আহমেদ-এর পরিচালনায় নাটকটি প্রচার হচ্ছে বৃহস্পতি, শুক্র ও শনিবার রাত ৮টা ১৫ মিনিটে।
বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন আবুল হায়াত, আনিসুর রহমান মিলন, জেনি, অর্ষা, বন্যা মির্জা, শম্পা রেজা, কে এস ফিরোজ, লুৎফর রহমান জর্জ, মুনিরা মিঠু প্রমুখ।
ইত্তেফাক/আনিসুর