নেতা নির্বাচনে ভোটকেন্দ্রে ক্ষুদে শিক্ষার্থীরা

 
শিশুদের মধ্যে গণতান্ত্রিক চেতনা বিকাশের জন্য বৃহস্পতিবার টাঙ্গাইলের ঘাটাইল উপজেলার বিভিন্ন সরকারি প্রাথমিক বিদ্যালয়ে অনুষ্ঠিত হয়েছে স্টুডেন্ট কাউন্সিল নির্বাচন। এ নির্বাচনে ভোট দিয়ে তাদের নেতা নির্বাচিত করেছে প্রতিটি বিদ্যালয়ের ক্ষুদে শিক্ষার্থীরা।
 
সকালে উপজেলা সদরের ঘাটাইল আদর্শ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে গিয়ে দেখা যায় বিদ্যালয়ের ক্ষুদে শিক্ষার্থীদের মধ্যে উৎসব মুখর পরিবেশ। নির্বাচনের সকল বিধিবিধান মেনে ভোট কেন্দ্রে স্থাপন করা হয়েছে। ভোটকক্ষের বাইরে ভোট প্রদানের অপেক্ষায় সারি বেঁধে দাড়িয়ে আছে ক্ষুদে ভোটাররা। কেন্দ্রের ভিতরে নিয়ম অনুযায়ী  দায়িত্ব পালন করছে ক্ষুদে শিক্ষার্থীদের মধ্য থেকে নির্বাচিত প্রিজাইডিং-পোলিং অফিসাররা। 
 
​সরেজমিনে উপজেলার জামুরিয়া ইউনিয়নের বেনীমাধব সরকারি প্রাথমিক বিদ্যালয়ের গিয়ে দেখা যায় একই পদ্ধতিতে ভোট দিচ্ছে ক্ষুদে শিক্ষার্থীরা। ঘাটাইল আদর্শ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৫র্ম শ্রেণীর ছাত্রী জান্নাত বলেন, এটাই আমার জীবনে প্রথম ভোট দেওয়া। সহপাঠীদের মধ্য থেকে আমরা আমাদের নেতা নির্বাচন করব এটা খুব আনন্দের।
IMG0
বেনীমাধব সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে নির্বাচনে প্রতিদ্বন্দ্বী প্রার্থী ৪র্থ শ্রেণীর ছাত্রী রাদিয়া ইসলাম বলেন, এটা আমার জন্য এক নতুন অনুভূতি।  জয়-পরাজয় যাই হোক তা আনন্দের সঙ্গে তা মেনে নিব।
 
উপজেলা প্রাথমিক শিক্ষা অফিস সূত্রে জানা যায়, সকাল ৯টা থেকে দুপুর ১টা পর্যন্ত এক সাথে উপজেলার ১৭৩টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এ নির্বাচন অনুষ্ঠিত হবে। তৃতীয় শ্রেণি থেকে পঞ্চম শ্রেণির শিক্ষার্থীরা এই নির্বাচনে অংশ গ্রহণ করবে। শিক্ষার্থীদের প্রত্যক্ষ ভোট দিয়ে তাদের নেতা নির্বাচন করবে।
 
বেনীমাধব সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবুল কালাম আজাদ বলেন, শিশুদের মাঝে নেতৃত্ব বোধ গড়ে তোলা এবং ভোট প্রদানে সচেতন করাই এই নির্বাচনের উদ্দেশ্য। এ নির্বাচন তাদের জন্য নতুন অনুভূতি। এ উদ্যোগ শিশুদের গণতন্ত্র চেতনা বিকাশে সহায়ক হবে।
 
ইত্তেফাক/আনিসুর