২০১৭ কাউন্টি মৌসুমের পরে সব ধরনের পেশাদার ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দিয়েছেন ইংল্যান্ডের সাবেক পেসার রায়ান সাইডবটম।
৩৯ বছর বয়সী এই পেসার ২০ বছরের ক্যারিয়ারে তিনটি সফল দশক অতিক্রম করেছেন। ২০১০ সালে টি২০ বিশ্বকাপ জয়ে তার অবদান ছিল সর্বাগ্রে। এ পর্যন্ত আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের অধীনে সীমিত ওভারের ক্রিকেটে এটাই ইংল্যান্ডের একমাত্র বড় শিরোপা। অবসরের পরে ইয়র্কশায়ারের বাঁহাতি এই সীমার লিডসে ক্রিকেট একাডেমী প্রতিষ্ঠার পরিকল্পনা করেছেন।
বিবিসি রেডিও ফাইভে সাইডবটম এ সম্পর্কে বলেছেন, আমি অবসরের বিষয়ে ক্লাবের সকলের সাথে আলোচানা করেছি। আগেই ঠিক করে রেখেছিলাম তাদের সাথে এ ব্যাপারে কি বলবো। কিন্তু আলোচনা করতে গিয়ে সব এলোমেলো হয়ে গেছে। সারাজীবন কেউ থাকে না। আমার জন্য ২০ বছরের ক্যারিয়ারকে বিদায় জানানোর এটাই সঠিক সময়। এখানে খেলতে পেরে আমি সত্যিই খুব খুশী।
২০০১ সালে পাকিস্তানের বিপক্ষে টেস্ট অভিষেক হওয়া সাইডবটম ২২ ম্যাচে ২৮.২৪ গড়ে ৭৯ উইকেট নিয়েছেন। এছাড়া ২৫টি ওয়ানডে ও ১৮টি টি২০ ম্যাচেও তিনি ইংল্যান্ডকে প্রতিনিধিত্ব করেছেন। সব ধরনের প্রতিযোগিতায় তার উইকেটসংখ্যা ১ হাজারেরও বেশি। ইংল্যান্ডের প্রথম শ্রেণীর কাউন্টি চ্যাম্পিয়নশীপে সাম্প্রতিক সময়ে অন্যতম সফল খেলোয়াড় হিসেবে নিজেকে প্রমাণ করেছেন। তার ঝুলিতে রয়েছে পাঁচটি শিরোপা। এর মধ্যে ইয়র্কশায়ারের হয়ে ২০০১, ২০১৪ ও ২০১৫ ও নটিংহ্যামশায়ারের হয়ে ২০০৫ ও ২০১০ সালে শিরোপা জিতেছেন সাইডবটম।
ইয়র্কশায়ারের ক্রিকেট পরিচালক মার্টিন মক্সন সাইডবটমের উজ্জ্বল ভবিষ্যত কামনা করে বলেছেন, ইয়র্কশায়ারের অন্যতম সেরা খেলোয়াড় সে। এছাড়া ২০ বছরে ইংল্যান্ড ও নটিংহ্যামশায়ারেও সে সফল ছিল।
ইত্তেফাক/রেজা