ম্যাচের প্রথম আট মিনিটের মধ্যেই সিমোনে জাজা ও ফাবিয়ান ওরেলানার দুই গোলে ভ্যালেন্সিয়ার কাছে ২-১ গোলে পরাজিত হয়েছে লা লিগার শীর্ষে থাকা রিয়াল মাদ্রিদ। এই পরাজয়ে বার্সেলোনার থেকে মাত্র এক পয়েন্ট এগিয়ে থাকলো গ্যালাকটিকোরা। তৃতীয় স্থানে থাকা সেভিয়ার থেকে রিয়ালের পয়েন্টের ব্যবধান মাত্র তিন। বর্তমান চ্যাম্পিয়ন বার্সেলোনার থেকে অবশ্য এক ম্যাচ কম খেলেছে রিয়াল।
ম্যাচ শেষে স্প্যানিশ টেলিভিশনে রিয়াল কোচ জিনেদিন জিদান বলেছেন, প্রথম ১০ মিনিটেই আমরা মূলত ম্যাচটি হেরে গিয়েছিলাম। আমি চিন্তিত নই তবে ভীষন বিরক্ত, এর দায়ভার পুরো দলের।
প্রথম পাঁচ মিনিটের মধ্যে ইতালিয়ান স্ট্রাইকার জাজা গোল করে দলকে এগিয়ে দেবার পরে কান্নায় ভেঙ্গে পড়েন। গত বছর মে মাসের পর থেকে কোন গোল করতে পারেননি জাজা। এই এক গোলেই নিজের আত্মবিশ্বাস যেন কয়েক গুন বেড়ে গেছে। এরপর নয় মিনিটে কাউন্টার এ্যাটাক থেকে ওরেলানা ম্যাচের ভাগ্য ঘুড়িয়ে দেন। কিন্তু মার্সেলোর ক্রস থেকে বিরতির এক মিনিট আগে দূর্দান্ত হেডে রিয়ালের পক্ষে এক গোল পরিশোধ করেন ক্রিস্টিয়ানো রোনাল্ডো। তিন মাস ইনজুরি কাটিয়ে গত ম্যাচে মাঠে ফেরা গ্যারেথ বেলকে বিরতির পরে মাঠে নামান মাদ্রিদ বস জিদান। ম্যাচের শেষ মিনিটে এই ওয়েলসম্যানের হেড অল্পের জন্য গোলের ঠিকানা খুঁজে পায়নি।
IMG0
মাদ্রিদের ব্রাজিলিয়ান উইং ব্যাক মার্সেলো কোচের সাথে একই মত পোষন করে বলেছেন, আমরা এখনো শীর্ষে আছি। কিন্তু সবকিছুর পরেও আজকের ম্যাচটা জেতা উচিত ছিল। আজকের ভুলগুলো থেকে শিক্ষা নিতে হবে। আমাদের শুরুটা মোটেই ভাল হয়নি যা পুরো ম্যাচে প্রভাব ফেলেছে।
রোববার লা লিগার এ্যাওয়ে ম্যাচে ভিয়ারেলের মোকাবেলা করবে জিদান শিষ্যরা।
ইত্তেফাক/রেজা