দল বদলে পল পগবার বিশাল অংকের ১০৫ মিলিয়ন ইউরোর রেকর্ডটি ভেঙ্গে যাওয়া সময়ের ব্যাপার বলে মনে করেন সাবেক ফুটবল গ্রেট অলিভার কান। সেই সঙ্গে তার আশংকা, দল বদলের অর্থ যদি এভাবে বাড়তে থাকে তাহলে প্রিমিয়ার লীগ ও লা লীগার প্রতিদ্বন্দ্বি ক্লাবগুলোর সঙ্গে পাল্লা দেয়া বায়ার্ন মিউনিখের জন্য কঠিন হয়ে পড়বে।
২০১৬-১৭ মৌসুমে ফরাসি আন্তর্জাতিক তারকা পগবাকে জুভেন্টাস থেকে ওল্ড ট্রাফোর্ডে ফিরিয়ে আনার জন্য ১০০ মিলিয়ন ইউরোর মাইল ফলক অতিক্রম কওে ম্যানচেস্টার ইউনাইটেড পত্রপত্রিকার শিরোনাম হয়ে উঠেছিল। কানের ধারনা অচিরেই এমন খবর প্রকাশিত হবে যখন একজন খেলোয়াড়ের জন্য ক্লাবগুলো ১৫০ মিলিয়ন ইউরো ব্যয় করবে। কিন্তু এমন প্রতিদ্বন্দ্বিতায় বায়ার্ন পৌঁছতে পারবে কিনা সেটি নিয়ে তার শংকা রয়েছে।
জার্মানীর ফুটবল ম্যাগাজিন সক্রাতেসকে দেয়া সাক্ষাৎকারে কান বলেন, এই যুদ্ধে সেরা খেলোয়াড়কে দলে ভেড়ানোর জন্য বিপুল অর্থ ব্যয় করতে হবে। আমার মনে হয় ১৫০ মিলিয়নের স্তরটিও ভেঙ্গে যেতে সময় লাগবে না। ফ্রাঙ্ক রিবেরি ও এরিয়েন রোবেনের মত খেলোয়াড়কে দলে ভেড়ানোর জন্য এক সময় বায়ার্নকে বিশাল চ্যালেঞ্জের মুখোমুখি হতে হবে।
ইত্তেফাক/রেজা