সিলেটে নিযুক্ত ভারতীয় সহকারী হাই কমিশনার এল কৃষ্ণমূর্তি বলেছেন, ‘সিলেটকে ব্যবহার করে ভারতের উত্তর-পূর্বাঞ্চলীয় সাতটি রাজ্যের সঙ্গে বাংলাদেশের বাণিজ্য বাড়ানোর সম্ভাবনা রয়েছে। বিশেষ করে উভয় দেশের বিনিয়োগকারীরা পর্যটন খাতে যৌথভাবে বিনিয়োগ করে লাভবান হতে পারেন।’
আজ রবিবার বিকালে চেম্বার বোর্ড রুমে দি সিলেট চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির সভাপতি খন্দকার সিপার আহমদের সঙ্গে এক সৌজন্য সাক্ষাতে মিলিত হয়ে এ কথা বলেন তিনি।
এ সময় ভারতীয় সহকারী হাই কমিশনার বলেন, ‘বাংলাদেশ ও ভারতের বাণিজ্য সম্পর্ক চমৎকার। তাছাড়া সিলেটে ভারতীয় সহকারী হাই কমিশন চালু হওয়ার পর থেকে এখান থেকে সিলেটের যাত্রীদের ইন্ডিয়ান ভিসা প্রসেস করা হচ্ছে।’
সিলেট চেম্বারের সভাপতি খন্দকার সিপার আহমদ বলেন, ‘সিলেটে ভারতীয় সহকারী হাই কমিশন স্থাপিত হওয়ায় সিলেটের ব্যবসায়ীদের কষ্ট অনেকটা লাঘব হয়েছে।’
চেম্বার সভাপতি বলেন, ‘ভারত বাংলাদেশের উন্নয়ন সহযোগী রাষ্ট্র। দুই দেশের মধ্যে প্রতি বছর বিপুল পরিমাণ আমদানি-রপ্তানি বাণিজ্য হয়ে থাকে। যা দুই দেশের অর্থনীতিকে সমৃদ্ধ করছে।’ তিনি ভারত ও বাংলাদেশের মধ্যে বাণিজ্য সম্পর্ক বাড়াতে সহকারী হাই কমিশনের যে কোনো কার্যক্রমে সিলেট চেম্বারের পক্ষ থেকে সার্বিক সহযোগিতার আশ্বাস প্রদান করেন।
আরও পড়ুন: গুলশানে ফায়ার সার্ভিস স্টেশন চেয়ে হাইকোর্টে রিট
সভায় উপস্থিত ছিলেন সিলেট চেম্বারের সহ-সভাপতি মো. এমদাদ হোসেন, পরিচালক মুশফিক জায়গীরদার ও ভারতীয় সহকারী হাই কমিশনের এটাচি সঞ্জীব কুমার।
ইত্তেফাক/কেকে