অস্ত্র মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি আব্দুর রহমান ওরফে রহমানকে(৩৭) দুটি হাতবোমাসহ গ্রেফতার করেছে পুলিশ।
শুক্রবার ভোর রাতে গাংনী থানার এসআই শংকর কুমার ঘোষ ও ধলা পুলিশ ক্যাম্পের ইনচার্জ এএসআই রশিদুল ইসলাম ফোর্সসহ গাংনী কাথুলি সড়কের সাহারবাটি রাস্তার উপর থেকে রহমানকে গ্রেফতার করেন।
এসময় তার কাছ থেকে কসটেপ মোড়ানো দু'টি হাতবোমা জব্দ করা হয়েছে। আব্দুর রহমান গাংনী উপজেলার সীমান্তবর্তী খাঁসমহল গ্রামের মৃত সামেদ শেখের ছেলে।
এর আগে ২০১৫ সালের ৪মে একটি দো'নালা বন্দুকসহ আব্দুর রহমান গাংনী থানা পুলিশের হাতে আটক হন। এতে তার নামে একটি মামলা হয়। মামলায় গত ১৮ আগস্ট আদালত তাকে যাবজ্জীবন সাজা দেয়। এরপর থেকে তিনি পলাতক ছিলেন।
শুক্রবার দুপুর সাড়ে ১২ টার সময় গাংনী থানায় প্রেস ব্রিফিংয়ে গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন ওসি আনোয়ার হোসেন।
ইত্তেফাক/জামান