টাঙ্গাইলে স্ত্রীর আবেদনে স্বামীর লাশ উত্তোলন

 
কোর্টে স্ত্রীর আবেদনের ৬ মাস পর কবর থেকে লাশ উত্তোলন করা হয়েছে স্বামী রবিন খানের (৩০)।
 
টাঙ্গাইলের মির্জাপুর উপজেলার বরাটি গ্রামে গত বুধবার কবর থেকে এ লাশ উত্তোলন করা হয়। শুক্রবার মির্জাপুর থানা পুলিশ এ কথা জানিয়েছেন। রবিনের পিতার নাম মো. আরফান আলী খান।
 
রবিনের স্ত্রী রুবিনা বেগম জানিয়েছেন, গত বছরের ১৬ আগস্ট গলায় ফাঁস দিয়ে তার স্বামী আত্মহত্যা করে। তার অভিযোগ স্বামী রবিন ফাঁস দিয়ে আত্মহত্যা করতে পারে না। পরিবারের লোকজন তাকে পরিকল্পিত ভাবে হত্যার পর লাশ ফাঁস দিয়ে ঝুলিয়ে রেখেছিল।
 
এ ব্যাপারে গত বছরের ৯ অক্টোবর তিনি টাঙ্গাইল ম্যাজিস্ট্রেট কোর্টে একটি হত্যা মামলা দায়ের করেন। মামলায় সন্দেহ জনক ভাবে রবিনের দুই ভাই আসলাম খান ও রুবেল খান এবং তার বোন জামাই আব্দুল খালেকসহ অজ্ঞাত আর কয়েকজনকে আসামি করা হয়।
 
এরপর স্ত্রীর আবেদনের প্রেক্ষিতে ম্যাজিস্ট্রেট রবিনের লাশ উত্তোলন করে পুনঃময়না তদন্তের নির্দেশ দেন। নির্দেশ পাবার পর গত বুধবার বরাটি গ্রামে কবর থেকে রবিনের লাশ উত্তোলন করে পুনঃময়না তদন্তের জন্য পাঠানো হয়েছে।
 
এ সময় মির্জাপুর উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ইসরাত সাদমীন, স্থানীয় ইউপি চেয়ারম্যান মো. আজাহারুল ইসলাম আজাহার, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি এবং মির্জাপুর থানা পুলিশ উপস্থিত ছিলেন।
 
ইত্তেফাক/জামান