বদরুলের সর্বোচ্চ শাস্তি চাইলেন খাদিজা

সাভারের সিআরপিতে চিকিৎসা শেষে সুস্থ হয়ে বাড়িতে ফিরেছেন খাদিজা বেগম নার্গিস। 
 
শুক্রবার সকাল ১০টার দিকে সাভার সিআরপি থেকে সিলেটের উদ্দেশে রওনা দেন তিনি।  সিআরপির একটি অ্যাম্বুলেন্সে প্রথমে তিনি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান। পরে সেখান থেকে বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে সিলেটে পৌঁছান খাদিজা। এ সময় তার বড় ভাই শাহীন আহমেদ এবং এক খালা সঙ্গে ছিলেন।
 
বিমানবন্দর থেকে বেরিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে খাদিজা বলেন, ‘বদরুলের সর্বোচ্চ শাস্তি হোক।’
 
শুক্র ও শনিবার বাড়িতেই থাকবেন খাদিজা। রোববার সকালে সিলেটের একটি আদালতে প্রথমবারের মত সাক্ষ্য দেবেন খাদিজা।
IMG0
খাদিজার বড় ভাই শাহীন আহমেদ বলেন, ‘অনেকটাই হাসি খুশি মনে বাড়িতে ফিরেছে খাদিজা। আসার সময় সিআরপির সকল স্টাফের কাছ থেকে বিদায় নিয়েছে। সবার প্রতি আমরা কৃতজ্ঞ।’ 
 
প্রসঙ্গত, গত বছর ৩ অক্টোবর সিলেটের এমসি কলেজ কেন্দ্রে পরীক্ষা দিয়ে বের হওয়ার পর হামলার শিকার হন সিলেট সরকারি মহিলা কলেজের স্নাতক দ্বিতীয় বর্ষের ছাত্রী খাদিজা। ঘটনার পর রাজধানীর স্কয়ার হাসপাতালে এনে প্রথম দিকে খাদিজাকে লাইফ সাপোর্টে রাখা হয়। তিন দফা অস্ত্রোপচার হয়। অবস্থার উন্নতি হওয়ায় গত ১৩ অক্টোবর তার লাইফ সাপোর্ট খোলা হয়। স্কয়ার হাসপাতালে চিকিৎসা শেষে ২৮ নভেম্বর খাদিজাকে সাভারে সিআরপিতে নেয়া হয়।
 
ইত্তেফাক/উজ্জল