ভারতের পররাষ্ট্র সচিব ড. সুব্রামানিয়াম জয়শংকর বাংলাদেশে তার ২০ ঘণ্টার ঝটিকা সফর শেষে শুক্রবার সকালে নয়া দিল্লির উদ্দেশে ঢাকা ত্যাগ করেছেন।
প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ভারত সফরে আমন্ত্রণ জানাতে এবং দুই দেশের মধ্যে সহযোগিতার বিষয়গুলো নিয়ে দ্বি-পক্ষীয় পর্যালোচনা করতে বাংলাদেশের পররাষ্ট্র সচিব শহীদুল হকের সঙ্গে বৃহস্পতিবার বিকেলে জয়শংকর বৈঠক করেন।
সফরকালে ভারতীয় পররাষ্ট্র সচিব জয়শংকর প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে বৃহস্পতিবার বিকেলে সাক্ষাৎ করেন এবং পরে বাংলাদেশের পররাষ্ট্র সচিব শহীদুল হকের সঙ্গে দ্বি-পাক্ষিক বৈঠকে আগামী এপ্রিল মাসে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভারত সফরের বিষয়টি চূড়ান্ত করেন।
বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে এ বছরের এপ্রিলে ভারত সফরের জন্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির পক্ষ থেকে পররাষ্ট্র সচিব ড. সুব্রামানিয়াম জয়শংকর আমন্ত্রণ জানান।
পররাষ্ট্র সচিব পর্যায়ের বৈঠকে, দুদেশের মধ্যকার বিদ্যমান সহযোগিতার অগ্রগতির ক্ষেত্রে ঐকমত্যসহ উদ্ভাবনী কিছু বিষয়ের সহযোগিতায় তারা উভয়ে সন্তোষ প্রকাশ করেন।
ইত্তেফাক/উজ্জল