আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য, ১৪ দলের মুখপাত্র ও স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম বলেছেন, কানাডার ফেডারেল কোর্টে বিএনপি একটি সন্ত্রাসী দল হিসেবে প্রমাণিত হওয়ায় দেশের মানুষ ওই দল থেকে মুখ ফিরিয়ে নিয়েছে। জঙ্গিবাদের মদদদাতা বিএনপি’র এই সন্ত্রাসী চেহারা তৃণমূলের মানুষের কাছে তুলে ধরার আহ্বান জানিয়ে দলের নেতাকর্মীদের উদ্দেশে সরকারের এই হেভিওয়েট মন্ত্রী মোহাম্মদ নাসিম বলেছেন, একইসঙ্গে জাতির জনক বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরকারের বিভিন্নমুখী উন্নয়ন কর্মকাণ্ডও গ্রামের মানুষের কাছে পৌঁছে দিতে হবে। উন্নয়ন এবং মানুষের ভালবাসা নিয়ে একাদশ জাতীয় সংসদ নির্বাচনে আবারও শেখ হাসিনার নেতৃত্বে মহাজোট সরকার গঠন করবে বলেও তিনি মন্তব্য করেছেন।
শুক্রবার বাদ জু’মা কাজীপুর উপজেলা আওয়ামী লীগ অফিসে দলীয় নেতাকর্মীদের সঙ্গে এক মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেছেন।
স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম সোমবার রাতে ঢাকা থেকে সিরাজগঞ্জে তাঁর নির্বাচনী এলাকা কাজীপুরে পৌঁছান। মঙ্গল, বুধ ও বৃহস্পতিবার টানা তিন দিন তিনি তাঁর নিবৃাচনী এলাকায় গনসংযোগ, উন্নয়নমূলক কর্মকাণ্ড পরিদর্শন ও ১০ শয্যা বিশিষ্ট আমেনা মনসুর মা ও শিশু কল্যাণ কেন্দ্রের ভিত্তিপ্রস্তর স্থাপনসহ জনসভা ও সমাবেশ করেছেন।
শুক্রবার তিনি দলীয় নেতাকর্মীদের সাথে মত বিনিময় করেন এবং কাজীপুরে নির্মাণাধীন পাঁচ শ আসনের শহীদ এম মনসুর আলী অডিটোরিয়ামের নির্মাণ কাজ পরিদর্শন করেন এবং রাতে ঢাকায় চলে যান।
দলীয় কর্মী সভায় সভাপতিত্ব করেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি শওকত হোসেন। সভা সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক খলিলুর রহমান। পৌর মেয়র হাজী নিজাম উদ্দিন, উপজেলা যুবলীগের সভাপতি লুৎফর রহমান মুকুল, সাধারণ সম্পাদক জিয়াউর রহমান স্বাধীন, ছাত্রলীগের আলী আসলাম সহ নেতাকর্মীরা এ সময় উপস্থিত ছিলেন।
বেগম খালেদা জিয়াকে ইঙ্গিত করে মোহাম্মদ নাসিম বলেছেন, ২০১৪ সালে একজন নেত্রী দেশে আগুন জ্বালিয়ে জঙ্গিবাদকে উস্কানি দিয়ে ভোট বানচাল করতে চেয়েছিলেন। কিন্তু জনগণ সে ষড়যন্ত্র ব্যর্থ করে দিয়েছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাহসী পদক্ষেপে বিশ্বব্যাপী আমাদের দেশের ভাবমূর্তি অনেক উজ্জ্বল হয়েছে। বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা মায়ের স্নেহ আর বোনের ভালবাসা দিয়ে জনগণের জন্য কাজ করছেন বলেও তিনি দলীয় নেতাকর্মীদের স্মরণ রাখার পরামর্শ দেন। বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার ভাবমূর্তি ক্ষুণ্ণ ও দলের ক্ষতি হয় এমন যে কোন কাজ থেকে বিরত থাকার জন্যু তিনি দলীয় নেতাকর্মীদের হুঁশিয়ার করে দিয়েছেন।
ইত্তেফাক/মাহমুদুল ইসলাম