রাজধানীর ধানমন্ডি এলাকায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক নির্মাণ শ্রমিক মারা গেছেন। তার নাম সাইফুল ইসলাম (২২)।
শুক্রবার দুপুর ২টার দিকে এ ঘটনা ঘটে। সাইফুল গাইবান্ধার সাঘাটা উপজেলার কদমশহর গ্রামের সাদা মিয়ার ছেলে। তার লাশ ঢাকা ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতাল মর্গে রয়েছে।
জানা গেছে, ধানমন্ডির ৭/এ রোডের একটি নির্মাণাধীন ভবনে পাইলিংয়ের কাজ করছিলেন সাইফুল। পানি তোলার জন্য মোটরের সুইচ চালু গেলে বিদ্যুৎস্পৃষ্ট হন তিনি।
তার সহকর্মী সীমান্ত জানান, দুপুরে খাবার বিরতি শেষে ফের কাজ শুরু করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হন সাইফুল। দ্রুত তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ঢামেক হাসপাতালে কর্তব্যরত পুলিশের উপ-পরিদর্শক (এসআই) বাচ্চু মিয়া জানান, ময়নাতদন্তের জন্য মরদেহ ঢামেক মর্গে রাখা হয়েছে।
ইত্তেফাক/উজ্জল