প্রোটিয়া টেস্ট স্কোয়াডে দুই নতুন মুখ, ফিরে এলেন মরকেল

দুই নতুন মুখ হেনরিচ ক্লাসেন ও থিউনিস ডি ব্রুইনকে অন্তর্ভুক্ত করে আগামী মাসে নিউজিল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচ টেস্ট সিরিজের জন্য ১৬ সদস্যের দল ঘোষণা করেছে ক্রিকেট দক্ষিণ আফ্রিকা (সিএসএ)। এ ছাড়া ইনজুরি থেকে সুস্থ হয়ে টেস্ট দলে ফিরেছেন তিন পেসার মরনে মরকেল, ভারনন ফিল্ডান্ডার ও ক্রিস মরিস।
 
দক্ষিণ আফ্রিকার ঘরোয়া আসর সানফয়েল প্রথম শ্রেণির ম্যাচে সম্প্রতি দুর্দান্ত পারফরমেন্স দেখিয়েছেন উইকেটরক্ষক ব্যাটসম্যান ক্লাসেন। সর্বোচ্চ রান সংগ্রহকারীদের তালিকায় সপ্তম স্থানে ছিলেন প্রথমবারের মতো জাতীয় দলে ডাক পাওয়া ক্লাসেন। ৪৮ দশমিক ৮৪ গড়ে ৬৩৫ রান করেছেন তিনি।
 
ক্লাসেনের স্কোয়াডে থাকার বিষয়ে সিএসএ’র নির্বাচক লিন্ডা জনডি বলেন, এই মৌসুমে দারুণ পারফর্ম করেছেন ক্লাসেন। তাই টেস্ট স্কোয়াডে ডাক তার প্রাপ্য ছিলো।
 
তিনি আরো বলেন, ইনজুরি থেকে পুরোপুরি সুস্থ হয়ে প্রথম শ্রেণির ক্রিকেটে নিজেদের ফিটনেসের পরীক্ষা দিয়েছেন তিন পেসার। তাই নিউজিল্যান্ড সিরিজে আবারো তাদের সার্ভিস পাবে দল।
 
৮ মার্চ থেকে শুরু হবে দক্ষিণ আফ্রিকা-নিউজিল্যান্ডের তিন ম্যাচের টেস্ট সিরিজ।
 
দক্ষিণ আফ্রিকা টেস্ট স্কোয়াড: ফাফ ডু-প্লেসিস (অধিনায়ক), স্টিফেন কুক, ডিন এলগার, হাশিম আমলা, জেপি ডুমিনি, তেম্বা বাভুমা, কুইন্টন ডি কক, ভারনন ফিলান্ডার, কেশব মহারাজ, ওয়েন পার্নেল, কাগিসো রাবাদা, ডোয়াইন ওলিভার, হেনরিচ ক্লাসেন, থিউনিস ডি ব্রুইন, মরনে মরকেল ও ক্রিস মরিস।
 
ইত্তেফাকা/ রেজা