ছাত্রলীগ সভাপতি সাইফুর রহমান সোহাগ বলেছেন, বগুড়ার সান্তাহারে আগামী রবিবার প্রধানমন্ত্রী শেখ হাসিনার জনসভায় ছাত্রদের ঢল নামাবে ছাত্রলীগ। রাজশাহী বিভাগের প্রতিটি জেলা, বিশ্ববিদ্যালয়, কলেজ ও উপজেলাসহ সকল ইউনিটের হাজার হাজার নেতা-কর্মী ও সাধারণ শিক্ষার্থীরা এ জনসভায় অংশ নেবে।
তিনি বলেন, ছাত্রলীগ দেশরত্ম শেখ হাসিনার ভ্যানগার্ড। বঙ্গবন্ধুর নির্দেশে ছাত্রলীগের নেতাকর্মীরা সব কর্মসূচি সফল করতো। এখন তারই কন্যা শেখ হাসিনার নির্দেশে যাবতীয় কর্মসূচি সফল করে থাকে ছাত্রলীগ।
শুক্রবার বিকালে বগুড়ায় রাজশাহী বিভাগীয় ছাত্রলীগের প্রস্তুতিসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ সব কথা বলেন। প্রধানমন্ত্রীর জনসভা সফল করার লক্ষে এ প্রস্তুতিসভা অনুষ্ঠিত হয়।
IMG0
ছাত্রলীগ সভাপতি বলেন, বর্তমান সরকার শিক্ষার ওপর গুরুত্ব দিয়েছে। বিনামূল্যে বই বিতরণ করা হচ্ছে। শিক্ষার্থীদের পাশাপাশি মায়েদের বৃত্তির ব্যবস্থা চালু করেছে। শিক্ষার্থীরা যেন জঙ্গিবাদ-সন্ত্রাসবাদে না জড়ায় সেজন্য ছাত্রলীগের নেতাকর্মীদের টিম গঠন করে সচেতনতা বাড়ানোর তাগিদ দেন তিনি।
সাইফুর রহমান সোহাগ বলেন, ছাত্র ও যুব সমাজকে ধ্বংস করে মরণ নেশা মাদক কোন মাদকাসক্ত যেন ছাত্রলীগে প্রবেশ করতে না পারে সে ব্যাপারে সবাইকে সজাগ থাকতে হবে। মাদকের বিরুদ্ধে জনমত গঠনে ছাত্রলীগকে কাজ করতে হবে।
বগুড়া জেলা ছাত্রলীগের সভাপতি নাইমুর রাজ্জাক তিতাসের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক অসীম কুমার রায়ের পরিচালনায় সভায় বক্তব্য দেন ছাত্রলীগের সহ-সভাপতি মাহমুদুর রহমান জনি, যুগ্ম সাধারণ সম্পাদক রেজাউল করিম রেজা, কেন্দ্রীয় নেতা জহির আহাম্মদ খান প্রমুখ।
ইত্তেফাক/উজ্জল