ভারতে পাচারের উদ্দেশ্যে সীমান্তে নিয়ে যাওয়ার সময় ঝিনাইদহ শহরের আরাপপুরে একটি বাস তল্লাশি করে ৭ কিশোরকে উদ্ধার ও আইয়ুব নামে এক মানব পাচারকারীকে গ্রেফতার করেছে সিআইডি পুলিশ। গ্রেফতারকৃত পাচারকারী বগুড়ার নন্দীগ্রম উপজেলার পহলী গ্রামের আইনাল হোসেনের ছেলে। শুক্রবার বিকালে তাদের উদ্ধার করা হয়।
উদ্ধারকৃতরা হলেন- বগুড়া জেলার নন্দীগ্রাম উপজেলার তেঘরি গ্রামের লুৎপর রহমানের ছেলে মো. মামুন (১৫), মিজানুর রহমানের ছেলে রজব আলি (১৫), তসলিম আলির ছেলে রনি (২১), হজরত আলির ছেলে মো. হাফিজুর রহমান (১৫), আসাদ আলির ছেলে আকাশ (১৫), ইউনুস আলির ছেলে জহুরুল ইসলাম (১৪), ও শাহাজাহানপুর উপজেলার পার তেঘরি গ্রামের ইনসান অলির ছেলে রনি (২১)।
সিআইডির ঝিনাইদহ অফিসের উপ পরিদর্শক মো. মাসুদ রানা জানান, তারা গোপন সূত্রে জানতে পারেন দু’জন মানব পাচারকারী ভারতে পাচারের জন্য ৭ জন কিশোরকে বিআরটিসি’র যশোরগামী একটি বাসে করে যশোর সীমান্তে নিয়ে যাচ্ছে। ঝিনাইদহ শহরের আরাপপুর বাসস্ট্যান্ডে পৌঁছলে সিআইডির একটি টহল দল বাসটি তল্লাশি করে ৭ কিশোরকে উদ্ধার করে। এ সময় পাচারকারী দলের সদস্য আইয়ুবকে গ্রেফতার করা হয়। অপর পাচারকারী পালিয়ে যায়।
ইত্তেফাক/মাহমুদুল