কেন্দুয়ায় জমি নিয়ে বিরোধে কৃষক খুন, আহত ২০

নেত্রকোনার কেন্দুয়া উপজেলায় জমি নিয়ে বিরোধের জের ধরে দুপক্ষের রক্তক্ষয়ী সংঘর্ষে স্বপন মিয়া (৪৫) নামে এক কৃষক খুন হয়েছেন। এছাড়া এ সংঘর্ষে আহত হয়েছেন উভয়পক্ষের অন্তত ২০ জন। আহতদের বিভিন্ন হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। আহতদের নাম জানা সম্ভব হয়নি।

নিহত কৃষক স্বপন মিয়া চর আমতলা গ্রামের মৃত জুবেদ আলীর ছেলে। সংঘর্ষে নিহত স্বপন মিয়ার চাচাতো ভাই জিলু মিয়াকে আশংকাজনক অবস্থায় ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে বলে জানা গেছে। রবিবার বেলা আড়াইটার দিকে উপজেলার রোয়াইলবাড়ি ইউনিয়নের চর আমতলা গ্রামে এ সংঘর্ষের ঘটনা ঘটে।

পুলিশ ও এলাকাবাসীর বরাত দিয়ে জানা গেছে, স্বপন মিয়া ও তার চাচাতো ভাই জিলু মিয়াদের সঙ্গে একই গ্রামের সাইকুল ইসলাম, জহিরুল ইসলাম ও তাদের লোকজনের জমি নিয়ে বিরোধ চলে আসছিল। এর জের ধরে রবিবার উভয়পক্ষের লোকজন ওই বিরোধপূর্ণ জমি দখল নেওয়াকে কেন্দ্র করে সংঘর্ষে জড়িয়ে পড়ে। সংঘর্ষ চলাকালে প্রতিপক্ষের লোকজনের ধারালো অস্ত্রের আঘাতে ঘটনাস্থলেই নিহত হন স্বপন মিয়া। এ সময় উভয়পক্ষের অন্তত ২০ আহত হন।

আরও পড়ুনঃ নিরাপদ ক্যাম্পাসের দাবিতে চবিতে মানববন্ধন

এদিকে সংঘর্ষের খবর পেয়ে কেন্দুয়া থানা ও পেমই তদন্ত কেন্দ্রের পুলিশ ঘটনাস্থলে ছুটে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ বিষয়ে কেন্দুয়া থানার ওসি ইমারত হোসেন গাজীর সঙ্গে কথা হলে তিনি এসব তথ্য নিশ্চিত করে জানান, নিহতের লাশ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে এবং ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা রয়েছে।

ইত্তেফাক/নূহু