স্মিথের সেঞ্চুরিতে অস্ট্রেলিয়ার বিশাল সংগ্রহ

স্টিভেন স্মিথের ১৮তম টেস্ট সেঞ্চুরিতে ভারতকে ৪৪১ রানের বিশাল টার্গেট দিয়েছে অস্ট্রেলিয়া। দ্বিতীয় ইনিংসে ২৯৮ রানের লিড নিয়ে শনিবারের খেলা শুরু করেছিল অস্ট্রেলিয়া। তিনশ ছুঁই ছুঁই লিডকে শেষ পর্যন্ত চারশ’র উপর নিয়ে গেছে অজিরা। তাই জিততে হলে ভারতকে নতুন এক ইতিহাসই গড়তে হবে।
 
অস্ট্রেলিয়া তৃতীয় দিন খেলতে নামে ৪ উইকেট হারিয়ে ১৪৩ রানে। ৫৯ রানে অপরাজিত স্মিথের সঙ্গে ২১ রানে খেলতে নেমেছিলেন মিচেল মার্শ। ২৬ রান যোগ হতেই দিনের প্রথম উইকেট হারায় অজিরা। রবিন্দ্র জাদেজার বলে মার্শ (৩১) ঋদ্ধিমান সাহার গ্লাভসে বল তুলে দিলে বিচ্ছিন্ন হয় ৫৬ রানের জুটিটি। উইকেটরক্ষক ব্যাটসম্যান ম্যাথু ওয়েড ২২ গজে নেমে স্মিথকে সঙ্গ দিতে ব্যর্থ হন। মাত্র ৩৫ রান আসে ওই জুটিতে।
 
ওয়েড ২০ রানে বিদায় নিলে প্রথম ইনিংসের মারকুটে ব্যাটসম্যান মিচেল স্টার্ক নামেন স্মিথের অপরপ্রান্তে। ৮.৫ ওভারের এ জুটি ছিল ৪২ রানের, যেখানে ক্যারিয়ারের ১৮তম সেঞ্চুরি পান অজি অধিনায়ক। জাদেজাকে ডিপ কভারে মেরে দৌড়ে দুটি রান নিয়ে ভারতের মাটিতে প্রথমবার তিন অঙ্কের ঘরে পৌঁছান স্মিথ। ১৮৭ বলে ১১টি চারে শতকের ঘরে যান তিনি। দলকে ৪০০ রানের লিড এনে দেয়ার পর আর টিকতে পারেননি স্মিথ। ডানহাতি এ ব্যাটসম্যান ২০২ বল খেলে ১০৯ রানে জাদেজার এলবিডব্লিউর শিকার হন।
 
পরে আর কোনও ব্যাটসম্যান জ্বলে উঠতে পারেননি। স্টার্ক ৩১ বলে ২ চার ও ৩ ছয়ে ৩০ রানের আরেকটি ঝোড়ো ইনিংস খেলে আউট হন। স্টিভ ও’কিফ ৪২ বলে মাত্র ৬ রান করে সময় ব্যয়ে সফল হয়েছেন।
 
ইত্তেফাক/মাহাদী