ইনজুরি কাটিয়ে শনিবার বুন্দেসলিগায় হামবুর্গের বিপক্ষে ম্যাচে ফিরতে পুরোপুরি প্রস্তুত বলে নিশ্চিত করেছেন বায়ার্ন মিউনিখের উইঙ্গার ফ্র্যাংক রিবেরি।
জানুয়ারিতে ওয়ের্ডার ব্রেমেনের বিপক্ষে ২-১ গোলের কষ্টার্জিত জয়ের ম্যাচটির পর থেকে ফ্রান্সের সাবেক এই তারকা বিশ্রামে ছিলেন। কিন্তু হামবুর্গের বিপক্ষে ম্যাচে ফিরতে ফিটনেস প্রমান করেছেন।
এ সম্পর্কে বায়ার্নের প্রধান কোচ কার্লো আনচেলত্তি ম্যাচ পূর্ববর্তী সংবাদ সম্মেলনে বলেছেন, ‘ফ্র্যাংক পুরোপুরি প্রস্তুত। চলতি সপ্তাহে সে ভালভাবেই অনুশীলন করেছে। যদিও এখনো মূল একাদশ নিয়ে আমি চূড়ান্ত কোন সিদ্ধান্ত নেইনি। তবে আমি মনে করি মূল একাদশে শনিবার তার খেলা হচ্ছে না।’
এদিকে ইনজুরির কারণে আলিয়াঞ্জ এরিনাতে শনিবারের ম্যাচটিতে খেলছেন না জাবি আলোনসো। হামবুর্গের বিপক্ষে আলোনসোকে নিয়ে কোন ধরনের ঝুঁকি নিতে চাচ্ছেন না আনচেলত্তি।
শনিবারের ম্যাচটির মাধ্যমে আনচেলত্তি তার কোচিং ক্যারিয়ারের এক হাজারতম ম্যাচ পরিচালনা করতে যাচ্ছেন। এসি মিলান, চেলসি, প্যারিস সেইন্ট-জার্মেই ও রিয়াল মাদ্রিদ হয়ে বর্তমানে তিনি বায়ার্ন মিউনিখের সফল কোচ হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেছেন। ক্যারিয়ারে অসাধারণ এই মাইলফলক স্পর্শ করতে পেরে দারুণ খুশি আনচেলত্তি। ডাগ আউটে ক্যারিয়ারের প্রতিটি ম্যাচকে স্মরণীয় হিসেবে দাবি জানিয়েছেন এই ইতালিয়ান।
ইত্তেফাক/মাহাদী