ঘরের মাটিতে বেশ কিছুদিন ধরেই অজেয় ভারত।অপরাজিত ছিল টানা ১৯টি ম্যাচ। বিরাট কোহলির নেতৃত্বে টানা ছয়টি টেস্ট সিরিজ জয়ের নতুন রেকর্ড গড়েছিল ভারত। অস্ট্রেলিয়ার বিপক্ষে চার ম্যাচের টেস্ট সিরিজ শুরুর আগে প্রায় সবাই ভারতের গায়েই সেঁটে দিয়েছিলেন ফেভারিটের তকমা। কিন্তু উড়তে থাকা সেই ভারতকে একটানে মাটিতে নামিয়ে আনল স্টিভেন স্মিথের দল। ভারতের পাতা ফাঁদেই অসি স্পিন বিষে নীল ইন্ডিয়া।মাত্র আড়াই দিনে পুনে টেস্ট হারল ৩৩৩ রানের বিশাল ব্যাবধানে। জয়ের মধ্যদিয়ে ভারত সফরের শুরুটা করল দারুণভাবে।
IMG0
ভারতের মাটিতে অস্ট্রেলিয়া শেষবারের মতো টেস্ট জয়ের স্বাদ পেয়েছিল ২০০৪ সালে। তারপর টানা ১১টি ম্যাচে ভারত ছিল অপরাজিত। সর্বশেষ সাতটি মুখোমুখি লড়াইয়ে অস্ট্রেলিয়াকে হারিয়েছিল ভারত। তবে এক যুগেরও বেশি সময় পর অবশেষে ভারতের মাটিতে ভারত বধ করতে পারল অস্ট্রেলিয়া।
IMG1
প্রথম ইনিংসে ভয়াবহ ব্যাটিং বিপর্যয়ের শিকার হয়ে ভারত গুটিয়ে গিয়েছিল মাত্র ১০৫ রানে। দ্বিতীয় ইনিংসেও দেখা গেল একই চিত্র। এবার ভারতের স্কোরবোর্ডে জমা হয়েছে ১০৭ রান। প্রথম ইনিংসে ছয় উইকেটের পর দ্বিতীয় ইনিংসেও ছয় উইকেট শিকার করেছেন বাঁ-হাতি স্পিনার স্টিভ ও’কিফ। এটাই ভারতের মাটিতে বিদেশি কোনো স্পিনারের সেরা বোলিং ফিগার।দুই ইনিংস মিলিয়ে পাঁচটি উইকেট নিয়েছেন আরেক স্পিনার নাথান লায়ন। ভারতের মাটিতে সফরাকারী দলের কোন বোলারের সেরা সাফল্য হল ইয়ান বোথামের, ম্যাচে ১০৬ রানে ১৩ উইকেট নিয়েছিলেন। ও’কিফ যোকোন সময় সেই রেকর্ড ভেঙ্গে দিতে পারে বলেও ম্যাচ চলাকালে বিশেষজ্ঞরা মন্তব্য করেছিল। সেটা হয়নি সতীর্থ নাথান লায়নের জন্য। দ্বিতীয় ইনিংসে তিনি ৪ উইকেট শিকার করে নেন।
IMG2
প্রথম ইনিংসে ১৫৫ রানে এগিয়ে থেকে দ্বিতীয় ইনিংসের ব্যাটিং শুরু করেছিল অস্ট্রেলিয়া। স্টিভেন স্মিথের দারুণ শতকে দ্বিতীয় ইনিংসে সংগ্রহ করেছিল ২৮৫ রান। ফলে ভারতের সামনে দাঁড়িয়েছিল ৪৪১ রানের বিশাল লক্ষ্য। জবাবে ব্যাট করতে নেমে অজি অধিনায়ক স্মিথের করা ১০৯ রানই পেরোতে পারেনি ভারত। গুটিয়ে গেছে মাত্র ১০৭ রানে। ভারতের পক্ষে সর্বোচ্চ ৩১ রানের ইনিংসটি এসেছে চেতেশ্বর পূজারার ব্যাট থেকে। ১৮ ও ১৩ রানের ছোট দুটি ইনিংস খেলেছেন অজিঙ্কা রাহানে ও অধিনায়ক বিরাট কোহলি। দুই ইনিংসে ৭০ রানে ১২ উইকেট নিয়ে ম্যাচসেরা হয়েছেন স্টিভ ও’কিফ।
সংক্ষিপ্ত স্কোর:
অস্ট্রেলিয়া প্রথম ইনিংস : ২৬০/১০, ৯৪.৫ ওভার (রেনশ ৬৮, স্টার্ক ৬১, উমেশ ৪/৩২)।
ভারত প্রথম ইনিংস : ১০৫/১০, ৪০.১ ওভার (রাহুল ৬৪, রাহানে ১৩, ও’কেফি ৬/৩৫)।
অস্ট্রেলিয়াা দ্বিতীয় ইনিংস : ২৮৫/১০, ৮৭ ওভার (স্মিথ ১০৯, রেনশ ৩১, অশ্বিন ৪/১১৯)।
ভারত দ্বিতীয় ইনিংস : ১০৭/১০, ৩৩.৫ ওভার (পূজারা ৩১, রাহানে ১৮, ও’কেফি ৬/৩৫)।
ফলাফল : অস্ট্রেলিয়া ৩৩৩ রানে জয়ী।
সিরিজ : চার ম্যাচের সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে গেলো অস্ট্রেলিয়া।
ম্যান অব দ্য ম্যাচ : স্টিভ ও’কেফি (অস্ট্রেলিয়া)।
ইত্তেফাক/রেজা