বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক সেনা প্রধান লে. জে. (অব.) মাহবুবুর রহমান বলেছেন, পিলখানা হত্যাকাণ্ডের ৮ বছর পেরিয়ে গেলেও বিচার কাজ শেষ হয়নি বলতে কষ্ট হচ্ছে। এতো দিনেও এ ঘটনার নেপথ্যের নায়ক কারা, কাদের অর্থায়নে বিডিয়ার জওয়ানরা বিপথগামী হয়েছিল তা প্রকাশ করা হয়নি। জাতি এসব জানতে চায়। সরকারের কাছে দাবি অবিলম্বে শ্বেতপত্র প্রকাশ করুন।
পিলখানা হত্যাকাণ্ডের ৮ বছর উপলক্ষে শনিবার নিহতদের বনানীর সামরিক কবরস্থানে জাতীয়তাবাদী দলের (বিএনপি) পক্ষ থেকে ফুলেল শ্রদ্ধা শেষে সাংবাদিকদের এ দাবির কথা জানান মাহবুবুর রহমান।
তিনি বলেন, পিলখানা হত্যাকাণ্ড শুধু বাংলাদেশ নয়, পৃথিবীর ইতিহাসে একটি জঘন্য ও বর্বর ঘটনা। ওই ঘটনায় সেনাবাহিনীর ৫৭ উচ্চপদস্থ কর্মকর্তাকে নির্মমভাবে হত্যা করা হয়। এ ঘটনায় আমরা মর্মাহত, দু:খ ও শোক প্রকাশ করছি। পাশাপাশি এ ঘটনায় সঠিক তদন্ত ও বিচার প্রক্রিয়া শেষে আসল দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাচ্ছি।
ইত্তেফাক/মাহমুদুল