ভারতীয় সেন্সরবোর্ডের আপত্তির কারণে মুক্তি আটকে গেছে ‘লিপস্টিক আন্ডার মাই বুরখা’। কিন্তু এরপরই ক্ষোভে ফেটে পড়েছে বলিউড পাড়া। ক্ষোভ জানিয়েছেন বলিউডের বিখ্যাত পরিচালক কবির খান।
ইন্ডিয়া টুডের সঙ্গে আলাপকালে সেন্সর বোর্ডের প্রধান পহেলাজ নিহালনির কঠোর সমােলাচনা করে কবির বলেন, ওহ খোদা আবার নয়। সেন্সর বোর্ড এখন কৌতুক শুরু করেছে। প্রতি দুই মাস পর পর সেন্সর বোর্ড এরকম স্টুপিড কাজ নিয়মে পরিণত করে ফেলেছে।
ব্লকবাস্টার ছবি বাজরাঙ্গী ভাইজান পরিচালক বলেন, সময় এসেছে নিজেদের অধিকার রক্ষায় পুরো বলিউড ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে। মানুষ কি দেখবে কি দেখবে না তা পহেলাজ নিহলানি কিংবা কয়েকজন মানুষের দ্বারা সিদ্ধান্ত নেয়ার প্রক্রিয়া সঠিক নয়, যোগ করেন তিনি।
অনুরাগ কাশ্যপের ‘উড়তা পঞ্জাব’ বিতর্কের পর থেকেই সমালোচিত হয়েছেন সেন্সর বোর্ডের প্রধান পহেলাজ নিহালনি। তাঁর এই সিদ্ধান্ত নিয়েও আলোচনা শুরু হয়েছে বিভিন্ন মহলে। পরিচালক প্রকাশ ঝা বলেছেন, সিনেমা একটা চ্যালেঞ্জের মতো। আমাদের দেশে অবশ্যই যে কোনও কিছু প্রকাশের স্বাধীনতা থাকা উচিত। আমি মনে করি দর্শকদের ছবিটি দেখতে পাওয়াটা তাঁদের অধিকারের মধ্যেই পরে।
এ ছবির পরিচালক অলঙ্কৃতা শ্রীবাস্তবের কথায়, আমি হেরে যাব না। সেন্সর বোর্ডের আপত্তির পর মনে হচ্ছে ভারতীয় দর্শকদের অবশ্যই ছবিটা দেখা উচিত। এ ছবি মুক্তিতে বাধা দিয়ে নারীর অধিকারে বাধা দিয়েছে সেন্সর কর্তারা। আমি এর শেষ দেখে ছাড়ব।
গত অক্টোবরে ইউটিউবে মুক্তি পায় ‘লিপস্টিক আন্ডার মাই বুরখা’র ট্রেলার। আর তার পরই ভাইরাল হয়ে ওঠে সোশ্যাল মিডিয়ায়। গতবছর টোকিও, মুম্বাই ফ্লিম ফেস্টিভাল সিনেমাটি বহুল প্রশংসিত হয়েছিল। সেসময় কয়েকটি আন্তর্জাতিক পুরষ্কারও ঘরে তুলে নিয়েছিল ছবিটি।
ট্রেলার শুরু হচ্ছে সেই সময়ের কথা দিয়ে যে সময় একটি মেয়ে মহিলা হয়ে উঠতে চায়। মাঝ বয়সে স্বামীর মৃত্যুর পর আরেক বার প্রেম করবার অনুমতি সমাজ তাঁকে দেয়নি। কিন্তু তাঁর মন তাঁকে সে অনুমতি দিয়েছে। আর সেই অতৃপ্ত হৃদয়ে বোরখার ভিতর দিয়ে সে বারবার দেখে ‘লিপিস্টিকওয়ালি ড্রিম’। হাঁটু বয়সী বয়ফ্রেন্ডের সঙ্গে নিজেকে ভাসিয়ে দেয় সুইমিং পুলে। শেষে ঘরের পুরুষকে প্রশ্ন করে ‘জীবনে শুধু বাচ্চা পয়দা করা ছাড়াও কি অন্য কোনও প্ল্যান আছে তোমার?
ইত্তেফাক/রেজা